হাম উপসর্গে পরপর দু’দিনে ৬ জনের মৃত্যু

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

দেশে হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ফের ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনই ঢাকা বিভাগের। আর একজন করে সিলেট ও খুলনা বিভাগে মারা গেছেন। আর নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০২ জন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্তদের মধ্যে এক হাজার ৩২৫ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৭৭ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২০৬ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ১৪২ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ২৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ১৬৪ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ৩৪ হাজার ১৪৮ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৪ হাজার ১৫০ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৫৮ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৮ হাজার ৬৩৪ জন, আর সুস্থ হয়ে আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৮৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৭, চট্টগ্রামে ১২২, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৯১, বরিশালে ৮৯, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।