
ক্রীড়া প্রতিবেদক
সাফ ফুটবলের আগে অফিসিয়াল সংবাদ সম্মেলন। মালদ্বীপে এখন এসে পৌঁছায়নি। নেপালতো ফিফা কর্তৃক নিষিদ্ধ। ফলে এবারের সাফে অংশ নেয়া ছয় দলের মধ্যে গতকালের এই সংবাদ সম্মেলনে উপস্থিত পাঁচ দেশ। এতে অন্য দলগুলোর চেয়ে বেশি সময় পেলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি ও অধিনায়ক তপু বর্মন। স্বাগতিক দেশ বলে মিডিয়াকর্মী বাংলাদেশেরই নিরানব্বই শতাংশ। মালদ্বীপের চারজন। সঙ্গত কারণেই বাংলাদেশ দলের কাছেই প্রশ্নটা বেশি করা। সাফে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হয়েছিল। তা ২০০৩ সালে। ২৩ বছর পর ফের এবারের সাফে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা। কিন্তু সম্প্রতি আসিয়ান কাপে বাংলাদেশ দলের ১৩ গোল হজম; বিশেষ করে ইন্দোনেশিয়ায় ২-৯ গোলে হারের বিষয়ই গুরুত্বপূর্ণ ছিল মিডিয়াকর্মীদের কাছে। সেই ধাক্কা সামলিয়ে লাল-সবুজদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু সেটাই ছিল মূল আলোচ্য। তবুও কোচ টমাস ডুলি জোর দিয়েই বললেন, ‘বাংলাদেশ দল এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে।’ এই শিরোপা পুনরুদ্ধারের মিশনে জাতীয় স্টেডিয়ামে আজ রাত ৮টায় ভুটানের বিপক্ষে খেলা বাংলাদেশের। এর আগে বিকেল সাড়ে ৩টায় একই মাঠে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
সাফে বাংলাদেশ সর্বশেষ ফাইনালে খেলেছিল ২০০৫ সালে পাকিস্তানের মাঠে। এরপর ২০০৮ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায়। ২০০৯ সালে নিজ মাঠে সেমিতে উঠার পর ২০১৮ সালেও ঘরের মাঠে সেমিতে উঠতে ব্যর্থ হওয়া। ২০২১ সালে ফাইনালে উঠার সুযোগ হারানোর পর ২০২৩ সালে সেমি থেকে ছিটকে পড়া। প্রতিবারই সাফে বাংলাদেশ দলকে ফেবারিট ধরা হয়। কিন্তু এবার তপু বর্মনরা হট ফেবারিটের তালিকায়। কারণ এই দলে আছেন হামজা চৌধুরী, শমিত শোমরা। হামজা আসার পর দেশের ফুটবলে যে নব জাগরণ শুরু হয়েছে এর পূর্ণতা আসবে সাফ শিরোপা জিতে দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মাধ্যমে। নতুন কোচ টমাস ডুলির পক্ষে কি সম্ভব দেশবাসীর প্রত্যাশা পূরণ করা? জার্মান বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের মতে, ‘আমরা আর নিজেদের আন্ডারডগ বলতে পারি না। এখন আমাদের প্রমাণ করতে হবে, আমরা এই পর্যায়ের দল এবং শিরোপা জিততে চাই। সমর্থকদের জন্য, দলের জন্য এবং দেশের মানুষের জন্য আমরা ট্রফি জিততে চাই। তবে শুধু আত্মবিশ্বাস থাকলেই হবে না, মাঠে কাজ করে দেখাতে হবে।’ আরো যোগ করেন, ‘যদি আমরা মাঠে খেলতে পারি পরিকল্পনা মাফিক, লড়াই করতে পারি শতভাগ তাহলে শিরোপা জেতা সম্ভব। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াটা বাস্তব সম্মত টার্গেট।’ বলেন, আমরা এখানে জিততে এসেছি। প্রতিটি দলের বিপক্ষে প্রমাণ করতে হবে আমরা জিততেই এসেছি।’ এরপর ইন্দোনেশিয়ার মাঠে বিপর্যয় প্রসঙ্গে বলেন, সেখানে প্রতিপক্ষের সাথে ব্যবধানটা অনেক বেশি ছিল। সাথে যোগ হয়েছিল কিছু ভুল।’
জামাল ভুঁইয়ার বদলে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক এখন তপু বর্মন। লাল-সবুজদের এই ডিফেন্ডার এবার পঞ্চম সাফ খেলতে যাচ্ছেন। দেশবাসীর প্রত্যাশার কথা ভালো করেই জানেন তিনি। সবাই চান শিরোপা। এটা এক বিশাল চাপ। তবে এই চাপকে ইতিবাচকই মনে করছেন এই স্টপার ব্যাক। তাই তপুর জবাব, ‘চাপ তো অবশ্যই আছে। তবে যেখানে চাপ আছে সেখানেই ভালো করা সম্ভব। আমাদের ফুটবল ভক্তরা কী চান সেটা আমাদের বুঝতে হবে। তারা চান আমরা ম্যাচ জিতি। ট্রফি জিতি।’ আরো বলেন, ২৩ বছর পর আবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছে। সেই সুযোগ হাতছাড়া করতে চাই না।
বাংলাদেশ এই ম্যাচে পাবে না হামজা চৌধুরীকে। ক্লাব ফুটবলে ব্যস্ত থাকার জন্য তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ১১ নভেম্বরের ম্যাচে খেলতে পারবেন। ভুটানের বিপক্ষে নয়। হামজার এই অনুপস্থিতির কথা উল্লেখ করে তপু বলেন, হামজাকে আমরা খুব মিস করবো। তিনি মাঠে আমাদের গাইড করেন। তবে এখন আমাদের কাজ হবে ভুটানকে হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে হামজার জন্য সহজ করে দেয়া।
এদিকে সংবাদ সম্মেলনে ভুটানের অধিনায়ক চে চো গ্যালেস্টেন জানান, আমরা এই ম্যাচে জিতে শুরু করতে চাই।
আসরের ‘এ‘ গ্রুপে আছে বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। সাফে ভারত সর্বাধিক ৯ বারের শিরোপা জয়ী। তবে এবার তারা তাদের দ্বিতীয় দল পাঠিয়েছে। মূল দল নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফা প্রীতিম্যাচ খেলবে।
ভারতের পর দুইবার সাফে শিরোপা জিতেছে মালদ্বীপ। আর বাংলাদেশের মতো শ্রীলঙ্কা ও আফগানিস্তান একবার করে চ্যাম্পিয়ন হয়। আফগানরা অবশ্য এখন সাফ থেকে বেরিয়ে সেন্ট্রাল এশিয়ান জোনে চলে গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








