এমপিও নীতিমালায় যুক্ত হচ্ছে কারিগরি ও তৃতীয় ভাষা

নিজস্ব প্রতিবেদক
বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালায় সংশোধনী আনতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে নতুন করে দু’টি শর্ত যুক্ত করা হতে পারে বলে জানা গেছে। গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে ২০২৫ সালের নীতিমালাকেই ভিত্তি ধরা হয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নতুন করে দু’টি শর্ত যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। 
সূত্রের তথ্য বলছে, নতুন স্কুল অথবা কলেজ এমপিওভুক্তির ক্ষেত্রে কারিগরি বিষয়ক ন্যূনতম দু’টি বিষয় থাকতে হবে। এ ছাড়া ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা-ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষা কার্যক্রম থাকতে হবে। নতুন করে আরোপিত এই শর্তগুলো না মানলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে না। মাউশির এক কর্মকর্তা জানান, নীতিমালা সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। কিছু বিষয়ে সংশোধনী আসবে। তবে বিষয়গুলো চূড়ান্ত হবে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায়। শিগগিরই সংশোধীত খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সরকারের বর্তমান নীতিমালা (২০২৫) অনুযায়ী নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ স্বীকৃতি ও নিয়মিত নবায়ন থাকতে হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের নামে প্রয়োজনীয় ও উপযুক্ত নিজস্ব জমি থাকা, ক্লাসের স্তরভেদে নির্দিষ্ট সংখ্যক অনুমোদিত ও নিয়মিত শিক্ষার্থী থাকা, বোর্ড পরীক্ষায় নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ এবং সন্তোষজনক পাসের হার থাকা, শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ সরকার নির্ধারিত বিধি অনুযায়ী এবং এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত হওয়া এবং প্রতিষ্ঠানভেদে সরকার নির্ধারিত নির্দিষ্ট পদসংখ্যা ও জনবল কাঠামো বজায় রাখতে হয়। এ ছাড়া আরো কিছু শর্ত পালন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারে।

Advertisement