
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম তালুকদার (৫২) নামে এক উপপরিদর্শক (এসআই)।
গতকাল সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১।
পুলিশ সূত্রে জানা যায়, ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিহত জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, নিহতের পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন হলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








