
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চার জন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল পৌনে ৮টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বীন জসীম বলেন, বুধবার সকালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়। নিহত চারজনের মধ্যে দু’জন পুরুষ এবং দু’জন নারী। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কল্যাণপুর স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে এবং চারজনের লাশ উদ্ধার করে। তাদের একজনের নাম শফিকুল (৩৫)।
উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। শাহ আলী থানার কর্তব্যরত কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের উপস্থিতিতে পুলিশ লাশগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য লাশগুলো ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ দিকে রাজধানীর কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রোমান প্রধানের বাবার নাম সিরাজ বেপারী। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার চর জগমোহন গ্রামে। তিনি রাজধানীর মান্ডা প্রথম গলিতে রাজা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








