
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
সুন্দরবনে কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং দস্যুদের হাতে জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। কোস্টগার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে।
এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার কয়রা থানার সুন্দরবনের আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কয়রা ও দোবেকীর সদস্যরা। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সাত্তার বাহিনীর সদস্যরা জিম্মি জেলেদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে একটি ডিঙি নৌকা থেকে চারটি দেশীয় ওয়ান শুটারগান, ছয় রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে পাঁচ জেলেকে উদ্ধার করা হয়।
অন্যদিকে, বেলা ১১টার দিকে খুলনার দাকোপ থানার কুমড়োখালী খালসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন নলিয়ানের সদস্যরা। এ সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে চারটি একনলা বন্দুক, একটি ০.২২ ক্যালিবার বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৫২ রাউন্ড ০.২২ ক্যালিবারের গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান গাজী (২৭)। তাদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলায়। কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর এবং জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








