ব্রহ্মপুত্রের মাঝ নদে নৌকায় যমজ সন্তানের জন্ম

ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা

Advertisement

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্রের মাঝ নদে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে ছেলে ও পরে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও দুই নবজাতক সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে একটি নৌকা যাত্রী নিয়ে ছেড়ে যায়। নৌকাটি ব্রহ্মপুত্র নদ পারাপারের সময় সকাল সাড়ে ১০টার দিকে মাঝ নদীতে পৌঁছালে ওই গর্ভবতী নারীর হঠাৎ তীব্র প্রসববেদনা শুরু হয়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েন। নদীপথের মাঝখানে থাকায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়ার কোনো সুযোগ ছিল না। একপর্যায়ে নৌকার মধ্যেই তিনি যমজ সন্তানের জন্ম দেন।
ওই নারীর স্বামী মনোয়ার হোসেন জিগাবাড়ী গ্রামের তৈয়ব আলীর ছেলে। ঘটনার বিবরণ দিয়ে মনোয়ার হোসেন বলেন, অসুস্থ স্ত্রীকে সিজারের জন্য গাইবান্ধায় নিয়ে যাওয়ার সময় পথে নৌকায় হঠাৎ তার প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাই। পরে নৌকাতেই আমার স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন। আল্লাহর রহমতে সুস্থ সন্তানদের মুখ দেখতে পেরেছি। সবার কাছে দোয়া চাই। নৌকায় থাকা এরেন্ডাবাড়ী এলাকার বাসিন্দা ফজলে রাব্বি বলেন, হঠাৎ ওই নারীর প্রসববেদনা শুরু হলে নৌকায় থাকা সবাই চিন্তিত হয়ে পড়েন। পরে সবার সহযোগিতায় নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়।
এ বিষয়ে এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, মাঝনদীতে নৌকায় যমজ সন্তান জন্মের বিষয়টি জেনেছি। চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া অনেক সময় অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে মা ও নবজাতকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।