
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে সরকারি সড়কের মাটি কেটে বিক্রির অভিযোগে দুইটি ড্রাম ট্রাকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার ছুপুয়া-নালঘর-মদিনা বাজার সড়কের বর্ধনবাড়ি এলাকায় মাটি কাটার সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার পানিপাড়া গ্রামের মো: ইসমাইল, চাঁদপুর সদর উপজেলার মনিহার এলাকার ইসমাইল মুন্সি এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর ভারেঙ্গা গ্রামের হান্নান সরকার। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো তিনজন পালিয়ে গেছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছুফুয়া-নালঘর-মদিনা বাজার সড়কের প্রশস্তকরণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসকেএম ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও সাইট প্রকৌশলী সাজেদুল ইসলাম সড়ক পরিদর্শনে গিয়ে বর্ধনবাড়ি এলাকায় মাটি কাটার বিষয়টি দেখতে পান। তাদের দাবি, সড়কের প্রায় ৩০ মিটার দৈর্ঘ্য, ৫ মিটার প্রস্থ ও সাড়ে ৩ মিটার গভীর করে মাটি কাটা হয়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানোর পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাতে পুনরায় সড়কের মাটি কাটার সময় পুলিশকে খবর দেয়া হয়। পরে উপপরিদর্শক সাইফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক এবং মাটি পরিবহনে ব্যবহৃত দুইটি ড্রাম ট্রাক জব্দ করে। এ সময় ইমতিয়াজ মজুমদার, মোহাম্মদ ও মীর হোসেন নামের তিন ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, সড়ক প্রশস্তকরণের কাজ চলার মধ্যে একটি চক্র সরকারি সড়কের মাটি কেটে বিক্রি করছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এলজিইডির চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, সরকারি সড়কের মাটি কাটার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, সরকারি সড়কের মাটি কাটার অভিযোগে দুইটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








