বিশ্ববিদ্যালয়ের সামনে বাসচাপায় ছাত্রীর মৃত্যু, জানাজাও সেখানেই
বিশ্ববিদ্যালয়ের সামনে বাসচাপায় ছাত্রীর মৃত্যু, জানাজাও সেখানেই।

 নয়া দিগন্ত ডেস্ক 

Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) গেটের সামনেই লরির ধাক্কায় বাস উল্টে তার নিচে চাপা পড়ে মাইশা মুসফিরাত নামে এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ছাড়া বগুড়ার দুপচাঁচিয়ায় রাস্তার পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম বাবু নামে এক বিস্কুট ব্যবসায়ী এবং ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় জুথি আক্তার (২২) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও দেড় বছরের ছেলে আহত হয়েছেন। 
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মাইশা মুসফিরাত (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত ও ১০ জন আহত হয়েছেন। মাইশা উপজেলার কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। বাড়ি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকায়। বাবার নাম সাখাওয়াত হোসেন। 
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, গতকাল সকাল ৯টার দিকে দু’টি লরি প্রতিযোগিতা করে চলছিল। তখন বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মিনিবাস যাত্রী নামানোর সময় সেটাকে একটি লরি ধাক্কা দেয়। এতে বাসটি কাত হয়ে উল্টে গেলে সেটির নিচে চাপা পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।  
এ দিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন ছাত্রদের সাথে দফায় দফায় বৈঠক করেন। শিক্ষার্থীরা মহাসড়কে শৃঙ্খলা ও ছাত্রী হত্যার বিচার এবং ক্ষতিপূরণসহ মোট ছয় দফার ঘোষণা দিয়েছে। তাদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’টি লাইনে কয়েক হাজার গাড়ি আটকা পড়ে ৩০ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া বেশ কয়েকটি রেলের সময় সূচি পরিবর্তন করতে বাধ্য হন রেল কর্তৃপক্ষ। 
সড়কেই জানাজা : এ দিকে যে সড়কে লরির ধাক্কায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আইআইইউসি শিক্ষার্থী মাইশা মুশফিরাত, সেই সড়কেই অনুষ্ঠিত হয়েছে তার নামাজে জানাজা।  গতকাল বেলা ৩টা ৫০ মিনিটের দিকে সহপাঠী ও শিক্ষকদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 
দুপচাঁচিয়ায় ব্যবসায়ী নিহত 
দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা জানান, দুপচাঁচিয়ায় রাস্তার পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম বাবু (৫৬) নামে এক বিস্কুট ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পূর্ব আলোহালী গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে। গতকাল দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের সিও অফিস বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বাবু রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী একটি ট্রাকের (বগুড়া-ট-১১-১৫৪০) ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বাবুকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে। 
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণী নিহত 
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় জুথি আক্তার (২২) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী জাকির হোসেন ও দেড় বছরের ছেলে জায়ান আহমেদ। গতকাল বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।  
নিহত জুথি আক্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা গ্রামের মো: হুমায়ুন মিয়ার মেয়ে। স্বামী ও সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করতেন। 
পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা টি-এ পরিবহনের একটি বাস পীরবাড়ী এলাকা অতিক্রমের সময় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় যাত্রী জুথি ও ও তার স্বামী-সন্তান আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুথিকে মৃত ঘোষণা করেন। আর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়।