পোশাকশ্রমিকদের আন্দোলনে আ’লীগের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন : নয়া দিগন্ত।

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে সহিংসতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংযোগ থাকতে পারে বলে মনে করছে সরকার। তবে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পথ তৈরির জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে, সরকার এমনটা মনে করে না। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কিছু করতে পারবে, সরকার তা বিশ্বাস করে না। তবে দলটির কাছে লুটপাটের প্রচুর টাকা রয়েছে। সেই অর্থ খরচ করে কোথাও কোথাও কোনো না কোনোভাবে নাশকতা সৃষ্টির চেষ্টা তারা করতে পারে।
এদিকে এলপিজি ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের বিষয়টি সরকার বুঝতে পারছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তবে আমদানি করা জ্বালানিতে ভর্তুকি বাড়াতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হচ্ছে। চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। অথচ অর্থবছরের প্রথম আড়াই মাসেই এ খাতে ২৪ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এভাবে অতিরিক্ত ভর্তুকি অব্যাহত থাকলে সরকারকে ঋণ বাড়াতে হবে, যার প্রভাব শেষ পর্যন্ত মূল্যস্ফীতিতে পড়বে।
তিনি বলেন, বর্তমানে প্রতি ইউনিট এলএনজি ৩০ ডলারে কিনতে হচ্ছে। অথচ ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এর সর্বোচ্চ দাম ছিল ১৪ ডলার। আমদানি করা জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সম্পর্কিত। এ অবস্থায় ভর্তুকি বাড়ালে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়ে। আবার অতিরিক্ত ভর্তুকি দিতে গিয়ে ঋণ বাড়ালে তার প্রভাব মূল্যস্ফীতিতে পড়বে। আন্দোলন দমনে পুলিশের বলপ্রয়োগের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, পুলিশকে আইন মেনে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে শক্তি প্রয়োগ করতে হবে। আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই চর্চা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, পুলিশের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সর্বনি¤œ ক্ষয়ক্ষতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চর্চা নিশ্চিত করছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বলপ্রয়োগের ক্ষেত্রে সংযম ও জবাবদিহি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
ইরানে হামলা ও এর জেরে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সরকারের মধ্যে আলোচনা হয়েছে। খাদ্যসহ প্রয়োজনীয় পণ্যের মজুত বাড়ানো এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি রয়েছে। তবে এ বিষয়ে এখনো জনগণকে কিছু জানানো হয়নি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একটি পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টা নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাইলে পরে জানাবে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ বা পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে-এমন সংবাদ প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইজিপির বক্তব্য ও পরবর্তী ব্যাখ্যা নিয়ে তিনি কথা বলেছেন। তবে প্রধানমন্ত্রী দেশে ফিরে এ বিষয়ে ব্যবস্থা নেবেন, এমন কোনো কথা তিনি বলেননি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, সরকার তাকে ফিরিয়ে আনতে চায়। তিনি নিজে দেশে আসুন কিংবা তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক, সরকারের চাওয়া একই।
তবে শেখ হাসিনার পাসপোর্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা তাকে ট্রাভেল পাস দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আগাম জানাতে চাননি তথ্য উপদেষ্টা। তিনি বলেন, পরিস্থিতি তৈরি হলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।