
নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। পদোন্নতি প্রক্রিয়ায় উত্থাপিত অবশিষ্ট অভিযোগ আগামী সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করে পূর্ণাঙ্গ পদোন্নতি তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) আইরিন পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতিসংক্রান্ত যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত তথ্য প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্ধারিত ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। নির্দেশনায় আরো বলা হয়, পদোন্নতি প্রক্রিয়ায় অবশিষ্ট অভিযোগগুলো আগামী সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। একই সাথে পূর্ণাঙ্গ পদোন্নতি তালিকাসহ আনুষঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্র বিভাগীয় উপপরিচালকের মাধ্যমে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠাতে হবে। এ ছাড়া অধিদফতরের পাঠানো ছকে জেলার নাম, উপজেলার নাম, উপজেলা ভিত্তিক শূন্যপদের সংখ্যা, ওয়েবসাইটে তথ্য আপলোডের তারিখ, গত ৩০ কার্যদিবসে পাওয়া অভিযোগের সংখ্যা, নিষ্পত্তি করা অভিযোগের সংখ্যা এবং মন্তব্য উল্লেখ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








