
বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে বিনিয়োগের জন্য সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই সাথে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের প্রসার ও ড্রাইডক স্থাপনে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ। সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। লি কুয়ান ইউয়ের দূরদর্শী নেতৃত্বে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং দেশে পুনরায় গণতান্ত্রিক অগ্রযাত্রা সূচিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু। বিগত ১৭ বছরের শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। দেশের বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
অন্য দিকে হাইকমিশনার ডেরেক লো বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব।
সিঙ্গাপুরের অর্থনীতিতে জাহাজ ও বিভিন্ন ধরনের নৌযান নির্মাণশিল্পের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্পের প্রসার এবং ড্রাই ডক স্থাপনের মাধ্যমে দেশটি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।
বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ, তৈরী পোশাকশিল্পের উন্নয়ন, দ্বিপক্ষীয় সংসদীয় সফর বিনিময়, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং পাবলিক পরীক্ষা ও সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিকে বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায়, বিশেষ করে ভোলাসহ সম্ভাবনাময় অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে এগিয়ে আসার আহ্বান জানান স্পিকার।
সাক্ষাৎকালে সিঙ্গাপুর দূতাবাসের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








