ঝালকাঠির পিপি হায়দার হোসাইন হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

 ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট হায়দার হোসাইন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেল্লাল হোসেন (৪০) সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছে। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি বেল্লাল হোসেনসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। ২০০৭ সালের ১১ এপ্রিল এশার নামাজ পড়ে ঝালকাঠির গোরস্থান মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন হায়দার হোসেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার পরদিন ঝালকাঠি থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ছেলে মো: তারেক ইবনে হায়দার। সোমবার ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে বেল্লাল হোসেন। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট আক্কাস শিকদার।

Advertisement