
নিজস্ব প্রতিবেদক
আগামী বছরের (২০২৭) হজে বাংলাদেশের জন্য অতিরিক্ত ২০ হাজার কোটা বরাদ্দের দাবি জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। একই সাথে প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করার আহবান জানিয়েছে হাব।
গতকাল রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার এ দাবি জানান। তিনি বলেন, ২০২৭ সালের হজে বাংলাদেশের নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০ জন। তবে নিবন্ধনের নির্ধারিত সময়ের মধ্যে কোটা পূর্ণ হওয়ার পরও ২০ হাজারের বেশি হজযাত্রী অপেক্ষমাণ রয়েছেন।
হাব মহাসচিব বলেন, অপেক্ষমাণ এসব হজযাত্রী হজ পালনের জন্য মানসিক ও আর্থিকভাবে প্রস্তুতি নিয়েছেন। তাদের পরিবারের কোনো কোনো সদস্য ইতোমধ্যে নিবন্ধনও সম্পন্ন করেছেন। এ অবস্থায় হজ গমনেচ্ছুদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সৌদি সরকারের কাছে বাংলাদেশের জন্য আরো অন্তত ২০ হাজার হজ কোটা বরাদ্দের উদ্যোগ নেয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, সহ-সভাপতি হফেজ নূর মোহাম্মদ, যুগ্ম-মহাসচিব জাফর উদ্দিন, অর্থসচিব আব্দুল হামিদ, জনসংযোগ সচিব জাহিদ আলম প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








