
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তান খেলতে যায়নি ভারতে। এ কারণে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ হয় বাংলাদেশ হকি জাতীয় দলের। ভারতের জলান্ধরে হওয়া এই আসরে টানা চার হারের পর অবশেষে পয়েন্টের দেখা পেয়েছে আশরাফুল-জিমিরা। গতকাল তারা ১-১ গোলে রুখে দিয়েছে চীনকে। পিছিয়ে পড়া বাংলাদেশ দল অধিনায়ক আশরাফুল ইসলামের নেয়া পেনাল্টি স্ট্রোক থেকে হার এড়িয়ে ড্র করে। ২ মিনিটে চেন বেন হাইয়ের গোলে লিড নিয়েছিল চীন। এরপর তৃতীয় কোয়ার্টারে ৩৮ মিনিটে সমতা আনেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলাম। যদিও ম্যাচ সেরা হয়েছেন গোলরক্ষক বিপ্লব কুজুর।
৬ দলের এই আসরে বাংলাদেশ এখন পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে সবার নিচে। তবে তাদের পঞ্চম হওয়ার সুযোগ আছে। এ জন্য আগামীকাল এই চীনের সাথেই পাঁচ-ছয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। চীন এর আগে জাপানের সাথে ২-২-এ ড্র করেছিল। আর বাংলাদেশ ০-১ গোলে হেরেছিল জাপানের কাছে। এই চীনের কাছেই বাংলাদেশ সর্বশেষ এশিয়ান গেমসে ক্লাসিফিকেশন ম্যাচে ১-৭ গোলে পরাজিত হয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








