সিরিজ জয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

 ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করেছে দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে গতকাল তৃতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে ১৭৬ রানের দাপুটে জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। এই জয়ে অস্ট্রেলিয়াকে টপকে ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের এক নম্বর দল হয়েছে দক্ষিণ আফ্রিকা। অথচ এই টেস্ট ড্র করলেই শীর্ষস্থান অক্ষুণœ থাকত অসিদের। এই পরাজয়ে ১২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে অস্ট্রেলিয়া।
তৃতীয় টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৮৮ রান, হাতে ছিল ১০ উইকেট। আগের দিন উইকেটে খুব বেশি টার্ন দেখা না যাওয়ায় জয়ের আশাও ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ে সেই আশায় পানি পড়ে দ্রুতই। এরপর সাইমন হারমার ঝড়ে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। নতুন বল হাতে শুরুতেই ভয়ঙ্কর হয়ে উঠেন কাগিসো রাবাদা। প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। দিনের প্রথম ওভারেই ম্যাট রেনশ ও মার্নাস লাবুশেনকে ফিরিয়ে দেন রাবাদা। রেনশকে শূন্য রানে উইকেটের পেছনে ক্যাচ বানানোর পর এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন লাবুশেনকে। পরে ট্রাভিস হেডকেও ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই প্রোটিয়া পেসার। রাবাদার রেকর্ডের দিনে স্পিনে জাল বিছিয়েছিলেন সাইমন হারমার। 
ক্যারিয়ারসেরা বোলিংয়ে ছয় উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার শেষ প্রতিরোধটুকুও ভেঙে দেন হারমার। ক্যামেরন গ্রিন ২৭ রান করলেও অন্য ব্যাটাররা দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি। তবে এই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাই। প্রথম ইনিংসে ১০০ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে রায়ান রিকেল্টন ও উইয়ান মুল্ডারের দুর্দান্ত শতকে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তাদের গুরুত্বপূর্ণ জুটিতে অস্ট্রেলিয়ার সামনে ২৮৮ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দেয় প্রোটিয়ারা।
সিরিজের শুরুটা অবশ্য দক্ষিণ আফ্রিকার পক্ষে ছিল না। প্রথম টেস্টে ২১৪ রানে হেরেছিল তারা। কিন্তু দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানের জয়ে সমতা ফেরায় প্রোটিয়ারা। শেষ পর্যন্ত কেপটাউনের নির্ধারণী টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দারুণ প্রত্যাবর্তনের গল্প পূর্ণ করল দক্ষিণ আফ্রিকা। ম্যাচসেরা হারমার ও সিরিজ সেরা জনসেন।

Advertisement