কুমিল্লায় বিএনপির দুই এমপির সমর্থকদের সংঘর্ষে আহত ১০

 কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমাইয়ের হরিশ্চরে আয়োজিত র‌্যালি ও সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ভুশ্চি বাজারে স্বেচ্ছাসেবক দলের কর্মী আলমগীর হোসেনকে মারধরের অভিযোগ ওঠে মনিরুল হক চৌধুরীর অনুসারীদের বিরুদ্ধে। এ খবর ছড়িয়ে পড়লে মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। 
পরে সন্ধ্যায় হরিশ্চরের অনুষ্ঠান শেষে ফেরার পথে আবারো দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে ভুশ্চি বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে মনিরুল হক চৌধুরীর অনুসারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ উদ্দিন ও শামীম ইকবাল এবং মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী যুবদল কর্মী মো: মামুন ও সাদ্দাম হোসেন আহত হয়েছেন। এ ছাড়া কলমিয়া গ্রামের এক পথচারী যুবকও আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে লালমাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

Advertisement