হ্যান্ড টাইমিংয়েই জাতীয় সাঁতার

ক্রীড়া প্রতিবেদক 
৩-১১ এপ্রিল পাকিস্তানে অনুষ্ঠিত হবে এস এ গেমস। এই গেমসে বাংলাদেশ দলের স্বর্ণ জয়ের অন্যতম উজ্জ্বল ডিসিপ্লিন সাঁতার। সেই এস এ গেমসের জন্য বাংলাদেশ দলের সাঁতারু বাছাই হবে আজ থেকে শুরু হতে যাওয়া ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার থেকে। তবে এই আসর থেকে সাঁতারুদের প্রকৃত পারফরম্যান্স যাচাই করার সুযোগ নেই। কারণ সেই পুরনো হ্যান্ডটাইমিংয়েই হবে এবারের জাতীয় সাঁতার। অবশ্য এটা এবারই প্রথম নয়। প্রতিবারই জাতীয় সাঁতার হয়ে আসছে ইলেকট্রনিক্স টাইমিংয়ের বদলে হ্যান্ড টাইমিংয়ে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কমিটি আসে কমিটি যায়। নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি, অ্যাডহক কমিটির ভেঙেও হয় অ্যাডহক কমিটি। কিন্তু হ্যান্ডটাইমিংয়ের বদলে ইলেকট্রনিক্স স্কোর বোর্ড আর বসে না। বছর দুইয়ের আগে ইলেকট্রনিক্স স্কোর বোর্ড সংস্কার ও মেরামত করা হলেও তার শুরু থেকেই নস্ট। ফলে হ্যান্ড টাইমিংই ভরসা। সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল জানান, আমরা এই ইলেকট্রনিক্স স্কোর বোর্ডের বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি। এছাড়া শীতকালে সাঁতারুরা যাতে সহনীয় তাপমাত্রায় অনুশীলন করতে পারে সেজন্য পুলে হিটিং ব্যবস্থা পেতে গ্যাস সঙ্কট নিরসনেও কথা বলেছি। আজ বেলা ৩টায়  প্রধান অতিথি হিসেবে এই আসরের উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌবাহিনী প্রধান ও সুইমিং ফেডারেশন সভাপতি অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
জাতীয় সাঁতারের সাথে ডাইভিং ও ওয়াটার পোলো খেলাও হবে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে। এবারের আসরে ৭৪টি দলের ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারু পদকের জন্য লড়বেন। এ ছাড়া টিম অফিসিয়াল ও মিট অফিসিয়াল মিলে মোট ৮০০ জনের উপস্থিতি। চার দিন ব্যাপী এই সাঁতার শেষ হবে ৩১ অক্টোবর। বিকেএসপি ও  সব সার্ভিসেস দল ছাড়া বাকি দল গুলোর যাতায়াত ও থাকা খাওয়ার খরচ বহন করবে সুইমিং ফেডারেশন। জাতীয় রেকর্ডের জন্য প্রত্যেক খেলোয়াড় পাবেন পাঁচ হাজার টাকা করে। এ ছাড়া সেরা পুরুষ ও নারী সাঁতারুকে দেয়া হবে ট্রফি। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলও পাবে ট্রফি।
গত বছর থেকে জাতীয় সাঁতারে অন্তর্ভুক্ত হয়েছে পুরুষদের ৮০০ মিটার ফ্রি-স্টাইল, নারীদের ১৫০০ মিটার ফ্রি-স্টাইল, ৪ গুণিতক ১০০ মিটার মিক্সড ফ্রি-স্টাইল রিলে (পুরুষ ও নারী) এবং ৪ গুনিতক ১০০ মিটার মিক্সড মিডলে রিলে পুুরুষ ও নারী ইভেন্ট। ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্সের ইভেন্ট এগুলো। ফলে সাঁতারে মোট ৪২টি ইভেন্ট এবারো। এ ছাড়া নারীদের ডাইভিং ইভেন্টে তিনটি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।

Advertisement