
নিজস্ব প্রতিবেদক
‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকিরের বিষয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
গতকাল মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এ কথা বলেন।
দেশে উগ্রবাদী ও চরমপন্থী গোষ্ঠীর তৎপরতা, সংখ্যালঘুদের ওপর হামলা, মুক্তিযোদ্ধার দাফনে বাধা, রাজনৈতিক সহিংসতা এবং পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক মো: আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বক্তব্যটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দফতর আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। তিনি বলেন, আইজিপির মূল বক্তব্য থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত পাওয়া অসম্ভব নয়। অনেকে সেভাবেই বক্তব্যটির ব্যাখ্যা করেছেন। তবে পরবর্তী ব্যাখ্যায় বলা হয়েছে, তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাতে চাননি।
সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের বিষয়েও পুলিশ সদর দফতর ব্যাখ্যা দিয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ওই বক্তব্যে সাংবাদিকদের সম্পর্কে এক ধরনের ঢালাও অভিযোগের বিষয় ছিল। সেটিও স্পষ্ট করা হয়েছে।
তিনি বলেন, একজন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির বক্তব্য যদি ভুলভাবে মানুষের কাছে পৌঁছায়, তাহলে সেটি ব্যাখ্যা করা প্রয়োজন। তিনি ব্যাখ্যা দিয়েছেন। আমার মনে হয় এর মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে।
আইজিপি তার আগের বক্তব্যে অনড় থাকেননি বলে মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার পর তার অবস্থান স্পষ্ট করা হয়েছে। এ বিষয়টিও বিবেচনায় নেয়া উচিত। তবে কেবল ব্যাখ্যা দিলেই দায়িত্ব শেষ হয় কি না এবং আইজিপির বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে কি না-এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আইজিপির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হলে তা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এলে মবের শিকার হবেন না, সাজা অনুযায়ী বিচারের মুখোমুখি হবেন। তিনি ন্যায়বিচার পাবেন। তবে তিনি (শেখ হাসিনা) কখনো ন্যায়বিচার করেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি (শেখ হাসিনা) ডিসেম্বরে এলে আমাদের ভালো হতো, তাকে আমাদের আর ধরে বেঁধে আনতে হলো না।
এ সময় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো: আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








