
নিজস্ব প্রতিবেদক
চীনে উচ্চশিক্ষার সুযোগ খুঁজতে গিয়ে কম্পিউটার সায়েন্স, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পড়াশোনার প্রতি বাংলাদেশী শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছে দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
চীনের শেনইয়াং আরবান কনস্ট্রাকশন ইউনিভার্সিটির কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন সানি শাও বলেন, কম্পিউটার সায়েন্স ও প্রযুক্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আগ্রহের বিষয়গুলোর মধ্যে রয়েছে। বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যেও এসব বিষয়ে আগ্রহ দেখা যাচ্ছে। গতকাল মঙ্গলবার ঢাকার বনানীতে মালিশা এডু বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত সরাসরি ভর্তি কার্যক্রমে তিনি এ কথা বলেন।
সানি শাও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে মোট ৩৫টি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এর মধ্যে ছয়টি বিষয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভর্তি হতে পারেন। এসব বিষয়ের মধ্যে স্থাপত্য, পুরকৌশল, ব্যবসায় প্রশাসন এবং কম্পিউটার সায়েন্স ও প্রযুক্তি রয়েছে বলে জানান তিনি।
সুনি শাও জানান, আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে তাদের পছন্দের বিষয়ে পড়াশোনা করতে পারেন। তবে যেসব শিক্ষার্থীর চীনা ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে, তারা সুযোগ অনুযায়ী চীনা মাধ্যমেও পড়াশোনা করতে পারবেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৫০টি দেশের ৮০০ জনের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০ জন। আগামী বছর বাংলাদেশ থেকে ১০০ জনের বেশি নতুন শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন বলে আমরা আশা করছি। এ আয়োজনের মাধ্যমে চীনের বিশ্ববিদ্যালয়টিতে ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীরা ভর্তির শর্ত ও বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ সম্পর্কে জানার সুযোগ পান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








