
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সস্তা বাহবা নেয়ার জন্য আইজিপির বক্তব্য, স্বস্তির বদলে সরকারকে বিব্রত করবে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি চিকিৎসাসেবার (মেডিক্যাল ক্যাম্প) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ প্রধানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা আছেন, তাদেরকে কাজে লাগান। নিরপেক্ষ ও স্বাধীনভাবে আইন প্রয়োগ করলে সমাজে কোনো অপরাধ থাকবে না। কিন্তু সস্তা ক্রেডিট বা বাহবা নেয়ার জন্য দায়িত্বশীল অবস্থান থেকে কথা বললে তা দেশের ক্ষতি করবে এবং সরকারকেও বিব্রত করবে।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির প্রশংসা করে রিজভী আশাবাদ ব্যক্ত করেন, যুবদলের প্রতিটি নেতাকর্মী রক্তদান, মানবিক সেবা, বৃক্ষরোপণ এবং উৎপাদনমুখী নানা কর্মসূচির মাধ্যমে দেশে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
এদিকে গতকাল জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন যেকোনো রাজনৈতিক দলের কর্মসূচি পালনের অধিকার থাকলেও তাতে পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করার কোনো উপাদান থাকা উচিত নয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, ‘যে স্লোগান বা যে কাজ পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, সে কাজ করা উচিত নয়। এখন গণতন্ত্রের চর্চা হচ্ছে নির্ভয়ে, নিঃসঙ্কোচে। সেখানে যেকোনো দল যেকোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। কিন্তু কারো রাজনৈতিক কর্মসূচিতে পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করার কোনো উপাদান যেন না থাকে, এটাই হচ্ছে আমাদের আবেদন।’
ফ্যাসিস্ট সরকারের আমলের নির্যাতনের কথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, সংগ্রাম, সাহস, ঐক্য এবং বীরত্বের প্রতীক এই যুবদলকে রাজপথে বহুবার দমন-পীড়নের শিকার হতে হয়েছে। মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে, অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন জেলের সিদ্ধান্ত দেয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। তবুও তারা গণতান্ত্রিক সংগ্রাম ও তাদের কর্তব্য থেকে একচুলও পিছপা হননি।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ এবং সামাজিক সুরক্ষার যে নতুন রাজনীতির সূচনা করেছেন, সেই কর্মসূচি বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল অনবদ্য অবদান রাখবে। দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কাজ এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে যুবদল কাজ করে যাবে।
যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে তিনি আরো বলেন, আব্দুল মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই অনেক ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে আজকের যুবদলের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। তাদের এই অসম সাহসী নেতৃত্ব ফ্যাসিস্ট ও একনায়কতন্ত্রের পতনে এক প্রভাবকের ভূমিকা পালন করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, যুবদলের সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজিদ হাসান বাবু, মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সহ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








