
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যকার এ সুসম্পর্ক আরো নতুন উচ্চতায় পৌঁছাবে।
সাক্ষাৎকালে ড. লিউ ইউইন বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রশিক্ষণ এবং সামগ্রিক সামর্থ্য বৃদ্ধিতে চীন সরকারের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ ঢাকাস্থ চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








