
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো ফোটার আগেই কাগজ হাতে যিনি মুরাদনগরবাসীর ঘুম ভাঙাতেন, সেই মুরাদনগর বাজারের অত্যন্ত পরিচিত ও প্রিয়মুখ, প্রবীণ পত্রিকা বিক্রেতা নিতাই চন্দ্র সাহা আর নেই। সোমবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের শিবানীপুর গ্রামের এই মানুষটি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে রহিমপুর শ্মশানে তার শেষ অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে পরম নিষ্ঠা ও সততার সাথে নিতাই মুরাদনগর বাজার ও আশপাশের এলাকায় পত্রিকা বিক্রি করে আসছেন। রোদ, বৃষ্টি কিংবা শীতের তীব্রতা- কোনো প্রতিকূলতাই তার প্রতিদিনের এই কাজের অন্তরায় হতে পারেনি। ভোরবেলা সবার আগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা নিয়ে বাজারে উপস্থিত হওয়াই ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।
প্রিয় এই পত্রিকা বিক্রেতার মৃত্যুতে মুরাদনগর প্রেস ক্লাব, স্থানীয় সংবাদকর্মী এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








