কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি 
কিশোরগঞ্জ সদর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে ইমরান হাসান (৩৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার প্যারাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরান সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ার এলাকার আব্দুস শহীদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালাম (৩০) একই উপজেলার প্যারাভাঙ্গা এলাকার নূর ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কালামের কাছে ইমরানের দুই হাজার ৪০০ টাকা পাওনা ছিল। ওই টাকা আনতে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন ইমরান। পরে আবুল কালামের বাড়িতে গিয়ে টাকা চাইলে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম তাকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন ইমরান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement