ভৈরব থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ

 কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলজংশন থেকে ট্রেনে সরাসরি পর্যটন নগরী কক্সবাজারে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে যাত্রা বিরতি ও কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করায় এ সুযোগ তৈরি হয়েছে। 
সোমবার (২৬ অক্টোবর) রাত থেকে বর্ধিত রুটে ট্রেনটির চলাচল শুরু হয়েছে। এতে ভৈরবসহ ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন এলাকার যাত্রীরা নির্ধারিত স্টেশন থেকে ট্রেনে উঠে সরাসরি কক্সবাজার যেতে পারবেন।
রেলওয়ের পরিচালন বিভাগের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। ভৈরব বাজার রেলজংশনে পেঁঁৗঁছাবে রাত ১১টায়। ৩ মিনিট যাত্রাবিরতির পর রাত ১১টা ৩ মিনিটে ছেড়ে যাবে ট্রেনটি। পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে ট্রেনটি।
ফেরার পথে কক্সবাজার থেকে ট্রেনটি সকাল ৯টায় ছেড়ে চট্টগ্রাম স্টেশনে দুপুর ১২টা ১০ মিনিটে পৌঁছাবে। এরপর নির্ধারিত স্টেশনগুলোতে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশে চলবে। ভৈরব বাজার রেলজংশনে পৌঁছাবে বিকেল ৪টা ৫৫ মিনিটে। দুই মিনিট যাত্রাবিরতির পর বিকেল ৪টা ৫৭ মিনিটে ছেড়ে যাবে। ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। এতে আসনসংখ্যা হবে ৭০০ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার।
ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসার পর মহানগর এক্সপ্রেস বর্তমানে ১২টি স্টেশনে যাত্রাবিরতি দেয়। বর্ধিত রুটে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। তবে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে আগের মতই যাত্রাবিরতি থাকবে।

Advertisement