শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

নিজস্ব প্রতিবেদক 
শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণসহ সব শ্রেণী-পেশার শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, ট্রেড ইউনিয়ন আন্দোলনে নেতাদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নয়, শ্রমিকের স্বার্থই হতে হবে প্রধান লক্ষ্য। 
মঙ্গলবার সংগঠনের ত্রৈমাসিক অঞ্চল দায়িত্বশীল বৈঠকে তিনি এ কথা বলেন। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ স্লোগানে আয়োজিত বৈঠকে কেন্দ্রীয় ও অঞ্চল পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন।  
আতিকুর রহমান বলেন, অনেক শ্রমিক ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে যথাযথ অধিকার থেকে বঞ্চিত। তৈরী পোশাকশিল্পের বাইরে অপ্রাতিষ্ঠানিক খাতসহ বিভিন্ন পেশার শ্রমিকদের মজুরি নির্ধারণ ও পুনর্নির্ধারণেও যথাযথ গুরুত্ব দিতে হবে। শ্রমের ধরন ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সব শ্রেণী-পেশার শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। 
ট্রেড ইউনিয়ন আন্দোলনের বিষয়ে তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে শ্রমিকের স্বার্থের চেয়ে নেতাদের ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পাচ্ছে, যা শ্রমিক আন্দোলনের লক্ষ্য ও গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। তাই ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শ্রমিকের অধিকার, মর্যাদা ও ন্যায্য মজুরি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

Advertisement