
রংপুর ব্যুরো
সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননাকর ভিডিও পোস্ট করার অভিযোগে রংপুর থেকে সৌরভ চন্দ্র মহন্ত নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একইসাথে এ ঘটনার জেরে বাড়িঘর ভাঙচুরের মামলায় আরিফ নামে আরো একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ থেকে সৌরভকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার চক করিম তেলিপাড়া গ্রামের বিশু চন্দ্র মহন্তের ছেলে সৌরভ চন্দ্র মহন্ত সম্প্রতি নিজের টিকটক আইডিতে আল্লাহ ও পবিত্র কুরআন নিয়ে একটি আপত্তিকর ভিডিও আপলোড করেন। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত অবস্থায় মাস দুয়েক আগে ভিডিওটি বানান। বিষয়টি নিয়ে সেখানে প্রতিক্রিয়া সৃষ্টি হলে তিনি গ্রামে ফিরে আসেন। দুর্গাপূজার সপ্তমীর দিন ভিডিওটি পুনরায় ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।
এরই জের ধরে গত সোমবার রাত ৮টার দিকে একদল ক্ষুব্ধ জনতা পীরগঞ্জের পীরগঞ্জ সদর ইউনিয়নে সৌরভ চন্দ্র, দীনেশ চন্দ্র ও জগদীশ চন্দ্রের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তিনটি ঘরের বেড়াসহ আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় গ্রাম পুলিশের সরদার আমিনুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গোয়েন্দা পুলিশ আসামি সৌরভ চন্দ্র মহন্তকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সৌরভ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে এবং এলাকায় হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে ভিডিওটি প্রকাশ করেছিলেন। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঝুঁকি তৈরি করে।
অন্যদিকে বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিশু চন্দ্র মহন্ত বাদি হয়ে পীরগঞ্জ থানায় পৃথক একটি মামলা করেছেন। ওই মামলায় পুলিশ সোমবার রাতেই শফিকুল ইসলাম আরিফ নামের এক স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








