
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর অদুরে আশুলিয়া থানায় চাঁদা না দেয়ায় একটি সোয়েটার কারখানায় হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে ভুক্তভোগীকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমানে প্রায় এক হাজার ১০০ জন শ্রমিকসহ নিজের জীবন নিয়ে শঙ্কিত হয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী আহাদুজ্জামান। শুধু তাই নয়, কারখানায় কাজ বন্ধ থাকায় যে কোনো সময়ে শ্রমিক অসন্তোষের আশঙ্কাও করছেন তিনি।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এন ডি কারখানার চেয়ারম্যান আহাদুজ্জমান।
১৭ বছরের বেশি সময় আশুলিয়া থানাধীন মধ্য গাজিরচট রশিদ মার্কেট এলাকায় জমি কিনে সেখানে বিল্ডিং সেড নির্মান করে এন ডি সোয়েটার ফ্যক্টরি পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি স্থানীয় ছাত্রদল সভাপতি পরিচয় দিয়ে মো: সানোয়ারসহ কবির হোসেন শিশির, মো: মোখেলেছ, মো: জালাল, তোফাজ্জল হোসেন, সোহেল খন্দকার ও রকিসহ কয়েকজন তার অফিসে গিয়ে প্রথমে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ওই টাকা দিতে না চাইলে তারা এক কোটি টাকা দাবি করে। কিন্তু টাকা না দেয়ায় গত ২২ অক্টোবর সকালে আরো ৪০/৫০ জন কিশোর গ্যাং সদস্য মাথায় হেলমেট পরে কারখানায় হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র নিয়ে ফ্যক্টরির ওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে সোয়েটারের সুতা, সোয়েটারের বডি, বিভিন্ন এক্সোসরিজসহ প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে ৯৯৯ এ কল করলে পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের বের করে দেয়। কিন্তু পরেরদিন পুনরায় তারা হামলা করে। এ ঘটনায় আশুলিয়া থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে জিডি গ্রহণ করে। পরে ওসি আদালতে গিয়ে মামলা করার পরামর্শ দেন।
আহাদুজ্জামান আরো বলেন, দুর্বৃত্তদের হুমকি ও পুলিশের কর্মকাণ্ডে এক হাজার ১০০ শ্রমিকসহ নিজের জীবন নিয়ে চরম শঙ্কিত অবস্থায় রয়েছেন। কারখানাও বন্ধ রয়েছে। এ অবস্থায় শ্রমিক অসন্তোষ ঘটারও আশঙ্কা রয়েছে। এ ব্যপারে জানতে ছাত্রদল নেতা পরিচয়দানকারী সানোয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে আশুলিয়া থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








