
শাহেদ মতিউর রহমান
স্কুল থেকেই শিক্ষার্থীদের ট্রাফিক আইন ও রাস্তায় চলাচলের নিয়মকানুন শেখাতে নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ট্রাফিক আইন বিষয়ের নতুন এই বই বিনামূল্যে শিক্ষার্থীদের দেয়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। তবে প্রথম পর্যায়ে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে শুধুমাত্র জেলা শহর, সিটি করপোরেশন এবং বিভাগীয় পর্যায়ের স্কুলগুলোতেই এই বই সরবরাহ করা হবে। ২০২৮ এবং ২০২৯ শিক্ষাবর্ষ থেকে দেশের সব স্কুলের শিক্ষার্থীরাই বিনামূল্যে এই বই পাবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকার স্কুলের শিক্ষার্থীর সংখ্যা, বিশেষ করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয়ের লক্ষ্যে এলাকাভিত্তিক প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা চেয়ে জেলা ও উপজেলা শিক্ষা অফিসে চিঠি দেয়া হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক ব্যবহারের জ্ঞান তৈরি করতে আগামী বছর প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণীতে ট্রাফিক আইনবিষয়ক নতুন পাঠ্যবই অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য দেশের জেলা শহর, বিভাগীয় শহর এবং সিটি করপোরেশন এলাকার আওতাধীন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা চাওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, নতুন পাঠ্যবই অন্তর্ভুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেয়া এবং সড়কে চলাচলের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিদ্যালয় পর্যায়ে ট্রাফিক আইন সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া হলে শিক্ষার্থীরা সড়কে চলাচলের নিয়ম, পথচারী হিসেবে করণীয় এবং নিরাপদে রাস্তা পারাপারের বিষয়ে সচেতন হতে পারবে। পাশাপাশি এসব জ্ঞান পরিবার ও সমাজেও ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন নতুন পাঠ্যবই কার্যকর করতে সঠিক শিক্ষার্থীসংখ্যা নির্ধারণ গুরুত্বপূর্ণ। প্রকৃত চাহিদার ভিত্তিতে বই ছাপানো ও সরবরাহ করা গেলে একদিকে যেমন বইয়ের ঘাটতি এড়ানো সম্ভব হবে, অন্যদিকে অতিরিক্ত বই ছাপানোর ঝুঁকিও কমবে। তবে নতুন বইগুলোর চূড়ান্ত বিষয়বস্তু, মুদ্রণের মোট সংখ্যা এবং সরবরাহের সময়সূচি সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








