শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর কৃষকের লাশ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

Advertisement

সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজের চার দিন পর ধানক্ষেত থেকে মনোরঞ্জন মণ্ডল (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। গত সোমবার সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানক্ষেতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। তিনি কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ৪ দিন আগে নিজ ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে বাড়ি থেকে বের হয়েছিলেন মনোরঞ্জন মণ্ডল। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরেননি। পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সকালে শৈলখালীর একটি ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারে খবর দেন। 
পরে স্বজনরা এসে লাশটি মনোরঞ্জন মণ্ডলের বলে শনাক্ত করেন। এ বিষয়ে শ্যামনগর থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলছে।