সংক্ষিপ্ত সংবাদ


ফেসবুকে আপত্তিকর ছবি, কারাগারে ২

Advertisement

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক স্কুলশিক্ষিকার আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় রসুলপুর ইউপি চেয়ারম্যানসহ দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুর রহমান এই আদেশ দেন। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন সালেহীন আকন্দ ও রসুলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষিকার ব্যক্তিগত ছবি ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়। এর আগে তিনি দুই আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন। ওই মামলার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছিল। এ ঘটনায় ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন। মঙ্গলবার চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক দুইজনের জামিন নামঞ্জুর করেন। অপর দুই আসামিকে পরবর্তী তারিখ পর্যন্ত জামিন দেয়া হয়। সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা।

ফেরি চলাচল বন্ধে দুর্ভোগ  

পিরোজপুরের কাউখালী উপজেলার সাথে জেলা শহর এবং নেছারাবাদ উপজেলার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম আমরাজুরি ফেরিঘাট। নদীভাঙনে ফেরিঘাটের গ্যাংওয়ের ডালা দেবে যাওয়ায় গতকাল মঙ্গলবার সকাল থেকে এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা। ফেরি বন্ধ থাকায় বাধ্য হয়ে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হচ্ছেন। তবে স্থানীয়দের অভিযোগ, ট্রলারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নেয়ার পাশাপাশি মোটরসাইকেল ও অটোরিকশার মতো ভারী যানবাহনও পারাপার করা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ উঠেছে। সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেরামতের জন্য কারিগরি দল ঘটনাস্থলে আসছে এবং রাতের মধ্যেই ফেরি চলাচল স্বাভাবিক করার জোরালো প্রচেষ্টা চলছে। কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।

মৎস্য বিভাগের অভিযানে হামলা

সুগন্ধা নদীর নলছিটিতে ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের সংশ্লিষ্টদের ওপর হামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় এসে দুষ্কৃতকারীরা রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে জেলা মৎস্য কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ঝালকাঠি সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক জানান, নলছিটি অংশে অভিযান শেষ করে ফেরার পথে দুষ্কৃতকারীরা তাদের গতিরোধ করে হামলা করে। এতে জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে গিয়ে আহত হন। এ ছাড়া তিন আনসার সদস্য, মাঝি, চালক ও অফিস সহায়ক আহত হয়েছেন। হামলাকারীরা চালক ও মাঝিকে মারধর করেন এবং রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে না আসার হুমকি দেন। এ সময় মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়। ঝালকাঠি প্রতিনিধি।

নাচোলে ১৮ বস্তা সার জব্দ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় স্থানীয়দের সহযোগিতায় অন্যত্র নিয়ে যাওয়ার সময় ১৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার দুপুরে উপজেলার খেসবা গ্রামের দিঘিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, জব্দ করা সারের মধ্যে সাত বস্তা এমওপি, সাত বস্তা ডিএপি ও চার বস্তা টিএসপি সার রয়েছে। সারগুলো নাচোল থেকে শিবগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয়রা সারগুলো আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। ইউএনও প্রিয়াংকা দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন। সারের মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ১৮ বস্তা সার বিধি মোতাবেক বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে। নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা।

কুকুরের কামড়ে ৪ শিশু আহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি পাগলা কুকুরের আকস্মিক আক্রমণে চার শিশু আহত হয়েছে। বিগত এক মাস ধরে এলাকায় কুকুর ও শিয়ালের আক্রমণে শিশু, নারী ও পুরুষ আহত হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের ক্লিনিকপাড়া চারজন আহত হয়েছে। আহত শিশুরা হলো তালুক বেলকা গ্রামের দেড় বছরের সারাহ আক্তার, দুই বছরের মানহা আক্তার, ছয় বছরের হোসাইন মিয়া এবং সাত বছরের তামিম মিয়া। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সন্ধ্যায় একটি কুকুর হঠাৎ শিশুদের ওপর আক্রমণ করে। পের তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, আহতদের ভ্যাকসিন দেয়া হয়েছে। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা।

মা-মেয়ে হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নির্যাতন ও পারিবারিক বিরোধের জেরে মা ও শিশুকন্যাকে হত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। তবে রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল না। জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে সাবিনা ইসলামের সাথে আব্দুর রউফ সরদারের বিয়ে হয়। পরে পারিবারিক বিরোধ ও যৌতুকের দাবিকে কেন্দ্র করে তাদের মধ্যে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে সাবিনা ইসলাম তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর রাতে ঘুমন্ত অবস্থায় সাবিনা ইসলাম ও নাতনীকে হত্যা করা হয়। এ ঘটনায় জাহানারা খাতুন বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। সাতক্ষীরা প্রতিনিধি।

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ২

রাজধানী থেকে ঘুরতে এসে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের পদ্মায় গোসলে নেমে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, মাওয়া নৌ পুলিশ ও কোস্ট গার্ড নিখোঁজ দু’জনকে উদ্ধার অভিযান চালায়। নিখোঁজ ব্যক্তিরা হলেন শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের স্টাফ মো: মারুফ ও মো: রাসেল। ফায়ার সার্ভিস জানায়, শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মকর্তা ও স্টাফ মাওয়া পুরনো লঞ্চঘাট এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে তারা চর ধরে হেঁটে পদ্মা সেতুর পিলারের পশ্চিম পাশের দিকে গোসল করতে নামেন। পরে রাসেল ও মারুফ নামের দু’জন পানিতে তলিয়ে নিখোঁজ হন। লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।

ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পথরপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত বড় ভাইয়ের নাম কেতাব উদ্দীন এবং ছোট ভাই হলেন আবুল হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই আবুল হোসেন ঘর থেকে ধারালো ছুরি এনে বড় ভাইয়ের ঘাড়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তার মৃত্যু হয়। নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। নীলফামারী প্রতিনিধি।