আত্রাইয়ে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে পুলিশ

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা

Advertisement

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মো: রাফু (১১) ও জিহাদ (১০) নামে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে তারা আত্রাই থানা হেফাজতে রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের পাইকসা গ্রামের বাসিন্দা দুই শিশুকে সুজন নামে এক ব্যক্তি আত্রাইয়ে নিয়ে আসেন। পরে তিনি তাদের স্টেশনে রেখে চলে যান। শিশু দু’টির কান্নাকাটি ও ঘোরাঘুরি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা এগিয়ে এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান।
শিশু দু’টি তাদের মা মোছা. বিলকিস বেগমের নাম ও গ্রামের নাম বলতে পারলেও পরিবারের বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি। আত্রাই থানার ওসি মাহবুব আলম জানান, শিশু দু’টি পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে। তাদের পরিবারের সদস্যদের খুঁজে বের করতে পুলিশ যোগাযোগ ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম চালাচ্ছে। শিশু দু’টির পরিবার বা স্বজনদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে আত্রাই থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।