রাশিয়ায় চাকরির নামে যুদ্ধে পাঠানোর অভিযোগ, রাজুর মৃত্যুতে পরিবারে মাতম
রাশিয়ায় চাকরির নামে যুদ্ধে পাঠানোর অভিযোগ, রাজুর মৃত্যুতে পরিবারে মাতম।

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

Advertisement

রাশিয়ায় মেকানিক্যাল শ্রমিকের চাকরির আশায় দেশ ছেড়েছিলেন ফরিদপুরের নগরকান্দার রাজু মাতুব্বর (২৮)। পরিবারের অভিযোগ, চাকরি দেয়ার কথা বলে তাকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এতে অনিশ্চয়তা ও শোকে দিন কাটছে পরিবারের সদস্যদের। রাজু উপজেলার কাইচাইল ইউনিয়নের মাঝিকান্দা গ্রামের নান্নু মাতুব্বরের ছেলে। গত ৮ মে তিনি রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন। তার আড়াই বছরের ছেলে ও এক বছরের মেয়ে রয়েছে। পরিবারের অভিযোগ, প্রতিবেশী কফাইবালিয়া গ্রামের প্রিন্স মাতুব্বর ও তার ছোট ভাই রানার মাধ্যমে সাড়ে ১৪ লাখ টাকায় রাজুকে রাশিয়ায় পাঠানোর চুক্তি হয়। এর মধ্যে সাড়ে চার লাখ টাকা দেয়া হয়েছিল। রাশিয়ায় পৌঁছানোর পর তাকে চাকরি না দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে দাবি স্বজনদের। তবে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাতুল নামের এক যুবক রাজুর মৃত্যুর দাবি করেন। রাজুর ছোট ভাই রাজন মাতুব্বর জানান, ভিডিওটি দেখার পর তারা ওই যুবকের সাথে যোগাযোগ করেন। তিনিও মৃত্যুর খবর জানান। তবে কখন, কোথায় ও কিভাবে রাজুর মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
রাজুর বাবা নান্নু মাতুব্বর ছেলের প্রকৃত অবস্থা জানতে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন। রাজুর স্ত্রী শারমিন আক্তারও স্বামীর খোঁজ এবং ঘটনার বিচার দাবি করেছেন। অভিযোগ অস্বীকার করে রানা মাতুব্বর বলেন, রাজু নিজেই রাশিয়ায় অবস্থানরত প্রিন্সের সাথে যোগাযোগ করে সেখানে গেছেন। রাশিয়ায় যাওয়ার ঝুঁকি সম্পর্কেও তাকে সতর্ক করা হয়েছিল। প্রিন্সের বক্তব্য পাওয়া যায়নি।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ বলেন, পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।