
আব্দুল আউয়াল মিছবাহ মধ্যনগর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নিয়মিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ২০২২ সালে প্রশাসনিক কার্যক্রম শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এ পদে বেশির ভাগ সময় ভারপ্রাপ্ত কিংবা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বলে অভিযোগ তাদের। এতে সরকারি সেবা গ্রহণ ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ে জটিলতা তৈরি হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
হাওরবেষ্টিত চারটি ইউনিয়ন নিয়ে গঠিত মধ্যনগর উপজেলায় প্রায় এক লাখ মানুষের বসবাস। স্থানীয়দের ভাষ্য, বর্তমানে ধর্মপাশা উপজেলার ইউএনও অতিরিক্ত দায়িত্ব হিসেবে মধ্যনগরের দায়িত্ব পালন করছেন। ফলে সপ্তাহে মাত্র এক দিন, মঙ্গলবার, তিনি মধ্যনগরে সময় দিতে পারেন। এতে বিভিন্ন সরকারি সেবা পেতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাদের।
স্থানীয় সচেতন মহলের দাবি, নতুন এ উপজেলায় নিয়মিত ইউএনও না থাকায় উন্নয়ন প্রকল্পের তদারকি, সরকারি কার্যক্রমের সমন্বয় ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। একই সাথে গুরুত্বপূর্ণ সরকারি দফতরগুলোতে প্রয়োজনীয় কর্মকর্তা পদায়নেরও দাবি জানিয়েছেন তারা।
মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত বলেন, মধ্যনগরে স্থায়ী ইউএনও নিয়োগের পাশাপাশি সরকারি দফতরগুলোতে প্রয়োজনীয় কর্মকর্তা পদায়নের জন্য সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। এতে দীর্ঘদিনের জনদুর্ভোগ কমবে বলে আশা করেন তিনি। মধ্যনগর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি গোলাম জিলানী এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির মাস্টার বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর ধর্মপাশা থেকে পৃথক হয়ে মধ্যনগর উপজেলা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু প্রয়োজনীয় প্রশাসনিক সুবিধা নিশ্চিত না হলে স্থানীয়দের প্রত্যাশা পূরণ হবে না। তারা দ্রুত স্থায়ী ইউএনও নিয়োগ এবং সব সরকারি দফতরে কর্মকর্তা পদায়নের দাবি জানান। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত ইউএনও নিয়োগ ও প্রয়োজনীয় জনবল নিশ্চিতের মাধ্যমে মধ্যনগরে প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়বে এবং সরকারি সেবা গ্রহণ সহজ হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








