
আসাদুল ইসলাম সবুজ লালমনিরহাট
লালমনিরহাট আদালতে বিচারক সঙ্কট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম। এতে বাড়ছে মামলার জট, দীর্ঘ হচ্ছে বিচারপ্রক্রিয়া। দূরদূরান্ত থেকে আদালতে এসেও অনেক বিচারপ্রার্থীকে শুনানি ছাড়াই পরবর্তী তারিখ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জুন পর্যন্ত লালমনিরহাট জেলা আদালতে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে বিচারাধীন মামলার সংখ্যা ৩১ হাজার ৬৪৯টি। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে রয়েছে ১১ হাজার ৫৪৭টি মামলা। এসব মামলা পরিচালনায় ৯টি এজলাস থাকলেও বিচারকের অনুমোদিত ৯টি পদের মধ্যে ছয়টিই শূন্য রয়েছে। ফলে বিচারিক কার্যক্রম পরিচালনায় চাপ বাড়ছে।
জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় মামলার সংখ্যা বেশি। বিশেষ করে পাটগ্রামের বুড়িমারী থেকে লালমনিরহাট আদালতের দূরত্ব প্রায় ৯৫ কিলোমিটার। ফলে এসব এলাকার বাদি-বিবাদিদের হাজিরা দিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আদালতে আসতে হয়। বিচারক না থাকায় বা শুনানি না হওয়ায় অনেককে সময় ও অর্থ ব্যয় করেও ফিরে যেতে হচ্ছে।
পাটগ্রামের বুড়িমারী থেকে আসা মামলার বাদি আবদুর রহিম বলেন, ‘মামলার হাজিরা দিতে সময়মতো আদালতে পৌঁছানোর জন্য ভোরে ট্রেনে উঠতে হয়। এত কষ্ট করে এসে শুনানি হবে না জানতে পারলে হতাশ লাগে। পরবর্তী তারিখের জন্য আবার মাসের পর মাস অপেক্ষা করতে হয়।’
আদালতের অবকাঠামোগত সঙ্কটও বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়াচ্ছে। ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হলেও জেলায় এখনো স্বতন্ত্র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মিত হয়নি। পুরনো জেলা জজ আদালত ভবনের সঙ্কীর্ণ কক্ষে চলছে বিচারিক কার্যক্রম। সেখানে আইনজীবী, বিচারপ্রার্থী ও সাক্ষীদের বসার পর্যাপ্ত জায়গা নেই। আসামিদের অবস্থানের জন্যও রয়েছে স্থানসঙ্কট। পাশাপাশি নারী বিচারপ্রার্থীদের আলাদা বসার জায়গা, পর্যাপ্ত শৌচাগার, নামাজের স্থান ও ব্রেস্টফিডিং কর্নারের মতো সুবিধার অভাব রয়েছে।
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, জনসংখ্যা ও মামলার সংখ্যা বাড়লেও সে অনুযায়ী বিচারক ও অবকাঠামো বাড়েনি। ফলে কর্মরত বিচারকদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। নতুন মামলা যুক্ত হওয়ার পাশাপাশি পুরনো মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।
তিনি বলেন, শূন্য পদগুলোতে দ্রুত বিচারক নিয়োগ এবং সিজেএম আদালতের জন্য পৃথক ভবন নির্মাণ করা হলে বিচারিক কার্যক্রমের গতি বাড়বে এবং মামলার জট কমাতে সহায়তা করবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








