নজরদারি জোরদারে জেলা প্রশাসকদের চিঠি


দেশের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ইউরিয়া সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার পাশাপাশি অবৈধ মজুদ, কালোবাজারি, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি এবং সীমান্ত দিয়ে সার পাচার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। 
বিসিআইসির চেয়ারম্যান মো: বাবুল মিঞা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার যথাসময়ে পৌঁছে দিতে বিসিআইসি নিরবচ্ছিন্নভাবে ইউরিয়া সার উৎপাদন ও নির্ধারিত বিতরণব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সার সরবরাহ করে আসছে। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে দেশের কোনো কোনো এলাকায় বিসিআইসি উৎপাদিত ইউরিয়া সার অবৈধভাবে মজুদ, নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচারের অপচেষ্টার বিষয়টি উঠে এসেছে। 
এ পরিস্থিতিতে সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে সারের মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রমে নিবিড় নজরদারি জোরদার করার জন্য জেলা প্রশাসকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য দায়িত্বশীল সংস্থার সমন্বয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ মজুদ, কালোবাজারি ও সীমান্তপথে সার পাচারের অপচেষ্টা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিসিআইসি মনে করে, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ ও কার্যকর নজরদারির মাধ্যমে সারের অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচার প্রতিরোধ করা সম্ভব হবে।  বিজ্ঞপ্তি।

Advertisement