কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাবেশের সিদ্ধান্তে অনড় জামায়াত

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জিলা স্কুল মাঠেই ১১-দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সমাপনী সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। জেলা প্রশাসনের দেয়া অনুমতিপত্রে বিকল্প ভেন্যুর বিষয় উল্লেখ থাকায় ক্ষোভ প্রকাশ করে দলটি বলেছে, কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত পরিবর্তন না হলে তারা আগের অবস্থানেই থাকবে। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর এমপি। সাংবাদিকদের সামনে তিনি আগামী ৩১ অক্টোবর লংমার্চের সমাপনী সমাবেশ আয়োজনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। 
এমপি আব্দুল গফুর বলেন, জেলা প্রশাসন তাদের সাথে আলোচনা না করেই পুলিশ বিভাগের বিশেষ শাখার প্রতিবেদনের ভিত্তিতে জিলা স্কুল মাঠে সমাবেশ আয়োজনের ক্ষেত্রে আইনশৃঙ্খলাজনিত সমস্যার কথা জানিয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো অনুমতিপত্রে প্রশাসনের এমন সিদ্ধান্তকে তিনি পক্ষপাতমূলক বলে অভিযোগ করেন। শুধু তাই নয়, এই অনুমতি পত্রটি একটি বিশেষ দলের নেতাকে অনুলিপি প্রদান করা হয়েছে যা নিন্দণীয় ও দলীয়করণের স্পষ্ট নিদর্শন। জেলা প্রশাসকের এই ধরনের ধৃষ্টতা আমাদের অবাক করেছে। 
জেলা প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে এমপি আব্দুল গফুর বলেন, তারা কোনোভাবেই এই সিদ্ধান্ত মেনে নিতে রাজি নন। জিলা স্কুল মাঠেই সমাবেশ আয়োজন করে লংমার্চের কর্মসূচি সফল করতে চান তারা। 
এ সময় কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, সাবেক সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দারসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement