
প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহভিত্তিক আর্থিক সেবা চালুর মাধ্যমে নতুন কার্যক্রম শুরু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ‘কমিউনিটি ইসলামিক’ নামের এই নতুন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির। সোমবার রাজধানীর শাহজাহান ইমাম টাওয়ারে ব্যাংকের চকবাজার শাখায় ফিতা কেটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহভিত্তিক সেবার মাধ্যমে আরো বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ইসলামিক ব্যাংকিংয়ের প্রতি গ্রাহকের আস্থা বাড়াতে সুষ্ঠু চর্চা ও শরিয়াহর নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম আর্থিক লেনদেনে সততা, আমানতদারিতা ও ন্যায়সংগত আচরণের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো: আলী হোসেন ফকির বলেন, সততা ও শরিয়াহর নির্দেশনা অনুসরণের মাধ্যমেই কেবল গ্রাহকদের প্রকৃত আস্থা অর্জন করা সম্ভব। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম ও মো: আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন, পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ, সিআইডির প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন, শরিয়াহ কমিটির সদস্য মুফতি মো: ইলিয়াস হোসেন ইমন ও মুফতি লুকমান হাসান, ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ ব্যাংক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








