পশ্চিম তীরে যুদ্ধাপরাধ-মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরাইল : জাতিসঙ্ঘ

আলজাজিরা ও আনাদোলু 
জাতিসঙ্ঘের একটি তদন্ত কমিশন জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরাইল। এসব অপরাধের মধ্যে রয়েছে নিধনযজ্ঞ, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ ও অন্যান্য ধরনের যৌন সহিংসতা। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে জমা দেয়া এক নতুন প্রতিবেদনে কমিশন বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরাইলি সামরিক অভিযান ও ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা একটি ‘ব্যাপক ও পদ্ধতিগত হামলার’ অংশ হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয়তা, বর্ণ, জাতিগত পরিচয়, লিঙ্গ ও বয়সের ভিত্তিতে ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলার শিকারদের মধ্যে শিশুরাও রয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে এক হাজার ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত অবস্থায় ছিলেন। প্রতিবেদনে গাজা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। কমিশনের দাবি, ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েল গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সেখানে ইসরাইলের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের বিস্তার আরো বেসামরিক মানুষের মৃত্যু ও আহত হওয়ার কারণ হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।জাতিসঙ্ঘের তদন্ত কমিশন আরো বলেছে, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা, বশীভূত রাখা এবং তাদের সমাজকে অস্থিতিশীল করে তুলতে যৌন সহিংসতা ব্যবহার করা হয়েছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের প্রায় সম্পূর্ণ দায়মুক্তি ভোগ করার সুযোগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ৬
এ দিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ছয়জনের লাশ ও ৩২ জন আহতকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় এক হাজার ৫৬৫ জন নিহত ও পাঁচ হাজার ৬৪০ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ৮৪১ জনের লাশ। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৬১ এবং আহত এক লাখ ৭৫ হাজার ৭৫৯ জনে। 
হেবরনে বাস্তুচ্যুত প্রায় ৫ হাজার
এ দিকে বন্দুকধারীদের চালানো গত সপ্তাহের প্রাণঘাতী হামলার পর হেবরনে ইসরাইলের সামরিক অভিযানে প্রায় পাঁচ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গতকাল মঙ্গলবার শহর কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। অধিকৃত পশ্চিম তীরের বৃহত্তম শহর হেবরনের পৌরসভা এক বিবৃতিতে জানায়, শনিবার শুরু হওয়া চলমান অভিযানে চার হাজার ৯৬৯ জন বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে ২০০ জনের বেশি শিশু।

Advertisement