গরু সুরক্ষা আইনের আড়ালে উত্তর প্রদেশে মুসলিমদের ওপর চলছে পুলিশি সহিংসতা

এপি
উত্তর প্রদেশে পুলিশি অভিযানের নামে সংখ্যালঘু মুসলিমদের ওপর বিচারবহির্ভূত সহিংসতার একটি বিস্তারিত চিত্র সম্প্রতি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধানে উঠে এসেছে। স্থানীয়ভাবে এই কৌশল ‘অপারেশন ল্যাংড়া’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘দ্য সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’-এর তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে উত্তর প্রদেশ পুলিশের গুলিতে গরু পাচারসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত প্রায় ৬৫০ জন সন্দেহভাজন গুলিতে আহত হয়েছেন। এর মধ্যে গরু পাচারসংক্রান্ত ঘটনায় আহত সন্দেহভাজনের প্রায় ৯৩ শতাংশই মুসলিম।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এ সংক্রান্ত স্বাধীন অনুসন্ধানে দেখা গেছে, এসব ঘটনায় সন্দেহভাজনদের প্রায় সবারই শরীরের নির্দিষ্ট একটি জায়গায়, অর্থাৎ হাঁটুর নিচে পায়ে গুলি করা হয়েছে। পুলিশ প্রতিটি ঘটনাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করলেও মানবাধিকারকর্মী, বিরোধীদলীয় নেতা এবং স্থানীয় বিচারকেরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, এটি মূলত বিচারবহির্ভূত শাস্তি এবং সংখ্যালঘু মুসলিমদের মধ্যে ভয় দেখানোর একটি সুপরিকল্পিত মাধ্যম। উত্তর প্রদেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা অমিতাভ যশ এপিকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, পুলিশকে কেবল আত্মরক্ষার্থে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং অতিরিক্ত বলপ্রয়োগের জন্য কোনো পুলিশ কর্মকর্তাকে শাস্তি দেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উগ্র হিন্দুত্ববাদী সরকারের আমলে অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই কৌশল পুরো রাজ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ২০১৭ সালের মার্চ মাসে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এ বছরের ১৩ অক্টোবর পর্যন্ত অন্তত ৩১৬ জন সন্দেহভাজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন, যার মধ্যে ১১০ জনই ছিলেন মুসলিম। এই হার রাজ্যের মোট মুসলিম জনসংখ্যার অনুপাতের তুলনায় অনেক বেশি। একই সময়ে ১২ হাজার ৮৯০ জন সন্দেহভাজন আহত হয়েছেন।
মানবাধিকারকর্মীরা মনে করছেন, জনগণের ক্ষোভ এড়াতে পুলিশ এখন হত্যার পথ পাল্টে পায়ে গুলি করে পঙ্গু করার কৌশল নিয়েছে, যা স্থানীয়ভাবে ‘হাফ এনকাউন্টার’ নামে পরিচিত। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক মোহাম্মদ কালিম খান জানান, দূর থেকে পালিয়ে যাওয়া বা লড়াইরত কোনো ব্যক্তির পায়ের পেছনের মাংসপেশিতে হাড় স্পর্শ না করে সমান্তরালভাবে গুলি লাগার সম্ভাবনা খুবই কম, যা এটি প্রমাণ করে যে এটি আত্মরক্ষার্থে নয়, বরং ইচ্ছাকৃতভাবে খুব কাছ থেকে করা গুলি।

Advertisement