
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল। ১৯ নভেম্বর তার ৩৭তম মৃত্যুবার্ষিকী। তার লেখা ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’ বইয়ের পাতায় পাতায় তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। তিনি ছিলেন সাহসের বাতিঘর। অকপটে তিনি শাসকদের বিরুদ্ধে বলেছেন এবং লিখে গেছেন। যা আজও বাংলাদেশপন্থীদের অনুপ্রেরণা যোগায়।
বাংলাদেশের প্রথম রাজবন্দি মেজর এম এ জলিল। মেজর এম এ জলিল শুধু বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারই ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতাত্তোর বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের উদ্বোধক। তিনি ছিলেন দেশপ্রেমের এক উজ্জল দৃষ্টান্ত।
মেজর এম এ জলিলের জন্ম ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি। বরিশাল জেলার উজিরপুর উপজেলা সদরে মামা বাড়িতে। তার জন্মের তিন মাস পূর্বেই পিতার মৃত্যু হয়। পিতা জনাব আলী মিয়া। রত্নগর্ভা মাতা রাবেয়া খাতুন। উজিরপুর ডব্লিউ বি ইনস্টিটিউশন থেকে কৃতিত্বের সাথে মেট্রিক পাশ করেন। স্কুল জীবনে ‘পথের কাঙ্গাল’ ও ‘রীতি’ নামে দুটি উপন্যাস রচনা করেন। ১৯৬১ সালে পাক-সামরিক বাহিনীতে কমিশন্ড ক্যাডেট হিসাবে যোগদান করেন। রাওয়াল পিন্ডির মারীতে সামরিক শিক্ষা গ্রহণ করেন। ১৯৬৩ সালে ইন্টারমিডিয়েট পাশ করেন পাকিস্তানের কাকুলস্থ সামরিক অ্যাকাডেমি থেকে। ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে নিয়মিত কমিশন অফিসার হিসেবে পদ লাভ করে এবং ট্যাঙ্ক বাহিনীতে যোগদান করেন।
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে ১২ নম্বর ক্যাঙালির রেজিমেন্টের অফিসার হিসেবে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৬৬ সালে মেজর এম এ জলিল পাকিস্তান অ্যাকাডেমি থেকে গ্রাজুয়েশন লাভ করেন। পরবর্তীতে পাকিস্তানের মুলতান থেকে ইতিহাসে এম এ ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সনে ট্যাঙ্ক ডিভিশনে মেজর পদে পদোন্নতি লাভ করেন।
১৯৭১ সালের ১০ ফ্রেব্রুয়ারি অসুস্থ মাতা রাবেয়া খাতুনকে দেখতে আসেন এক মাসের ছুটিতে। ছুটি শেষে পশ্চিম পাকিস্তানে প্রত্যাবর্তন না করে মুক্তিযুদ্ধ সংগঠনে নিজেকে নিয়োজিত করেন। ১৯৭১ সালের ২৬ মার্চ ঢাকায় ক্রাকডাউন হয়। মেজর এম এ জলিলের সাহসী নেতৃত্বের ফলে ২৪ এপ্রিল পর্যন্ত বরিশাল-পটুয়াখালীকে মুক্ত অঞ্চল হিসেবে রাখতে সক্ষম হন। ৭ এপ্রিল খুলনার রেডিও সেন্টার দখল করেন। (সূত্র : মেজর জলিলের রচনাবলী পৃষ্ঠা-৪৫)
ভারতের পূর্বাঞ্চলের চিফ অব স্টাফ জেনারেল জ্যাকব এর মধ্যস্থতায় কোলকাতায় ব্রিটিশ রচিত দূর্গ ‘ফোর্ট ইউলিয়ামের অন্ধকুপ’ থেকে মুক্তি পেয়ে মেজর এম এ জলিল পরবর্তীতে তাজউদ্দীন আহমদের সাথে সাক্ষাৎ করেন। মেজর এম এ জলিল তার রচিত লেখনীতে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে লেখেন ‘দেশের সাধারণ শান্তিপ্রিয় জনগনকে হিংস্র দানবের মুখে ঠেলে দিয়ে কোলকাতার বালিগঞ্জের আবাসিক এলাকার একটি দিতল বাড়িতে বসে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ তার মন্ত্রীসভা সহকারে (খন্দকার মোস্তাক আহমেদ বাদে) নিরাপদে তাস খেলছিলেন দেখে আমি সে মূহুর্তে কেবল বিষ্মিতই হইনি, মনে মনে বলছিলাম ‘ধরনী দ্বিধা হও’। যে জাতির নির্বাচিত প্রতিনিধিবৃন্দ জনগণকে যুদ্ধের লেলিহান শিখার মধ্যে নিক্ষেপ করে কোনো নিরাপদ আশ্রয়ে বসে বেকার, অলস যুবকদের মতো তাস খেলায় মত্ত হতে পারে, সে জাতির দুর্ভাগ্য সহজে মোচন হবার নয়।
‘র’ মুজিববাহিনী নামে একটি বাহিনী গঠনে হাত দেয়। এই বাহিনীতে বাংলাদেশ ছাত্রলীগের অবস্থা সম্পন্ন সদস্যরাই কেবল অন্তর্ভূক্ত ছিল। মুজিববাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পূর্বে যুদ্ধ শেষ হয়ে যায়। তাদের অভিজাত রক্ত সংরক্ষিত করা হয়েছিল স্বাধীনতা পরবর্তীকালে সাধারণ মুক্তিযোদ্ধাদের রক্ত ঝড়ানোর লক্ষ্যে।” (মেজর জলিলের রচনাবলী, পৃ-৫১)
“যুদ্ধরত অবস্থায় দেশ ও জাতিকে ধ্বংসের মুখোমুখি হতে দেখেও যারা ভারতের মাটিতে ভাগ্যউন্নয়নে মগ্ন ছিলেন তারাই যখন আবার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দাবি করেন, তখন ইতিহাস হয়তো বা মুচকি হেসে প্রচন্ড কৌতুক বোধ করে বলে আমার বিশ্বাস। শরনার্থী শিবির থেকে অসহায় যুবতী মেয়েদের কোলকাতা শহরে চাকরি দেয়ার নাম করে সেই সকল আশ্রয়হীনা যুবতীদেরকে কোলকাতার বিভিন্ন হোটেলে এনে যৌনতৃষ্ণা মিটাতে বিবেক দংশনবোধ করেননি, তারা বাঙালির মুক্তিযুদ্ধের নেতা হবেন না তো হবে আর কে? বা কারা? পাক হানাদার বাহিনীর সুযোগ্য উত্তরসুরী তো একমাত্র তারাই আওয়ামী লীগ নেতৃবৃন্দ।” (মেজর জলিলের রচনাবলী পৃ- ৫২)
ভারতীয় সেনাবাহিনীর লুটপাটের প্রতিবাদ করায় মেজর জলিলকে ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর সকাল ১১ টায় কামারখালী ফেরিঘাটে ওৎ পেতে থাকা ভারতীয় বাহিনী বন্দি করেন। যশোর সেনানিবাসের একটি নির্জন বাড়িতে আটক করে রাখা হয়। তিনি বাংলাদেশের প্রথম রাজবন্দি। তার লেখনিতে মুক্তিযুদ্ধকালের সফলতা ও ব্যর্থতা উভয়ই স্থান পেয়েছে। একজন মানুষ কীভাবে এতটা নিরপেক্ষ হয় তা আজও পাঠককে বিষ্মিত করে। গতানুগতিক রাজনীতিবিদদের সাথে তার পার্থক্য হলো তিনি যা বিশ্বাস করতেন তা বাস্তবায়নে নিজেকে উজার করতেন। ১৯৭১ সালে তার গগনচুম্বী জনপ্রিতার কারনে ভারত কর্তৃক প্রতিষ্ঠিত ২য় ফ্রন্ট জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) তাকে সভাপতি করে দলকে সমৃদ্ধ করে।
জাসদ এবং ভারতের কুটকৌশল যখন তিনি বুঝতে পারেন তখন পদত্যাগ করেন এবং রচনা করেন ‘কৈফিয়ত ও কিছু কথা’। এই স্বাধীনচেতা ব্যক্তিটি জীবন বাজি রেখে লড়াই করেছিলেন শুধু একটি মানচিত্রের জন্য নয়। তাই তিনি রচনা করেন ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’। তিনি চেয়েছিলেন বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্রকাঠামো। তার রচিত ‘সীমাহীন সমর’ মুক্তিযুদ্ধের একটি নিরপেক্ষ দলিল।
১৯৭৩ সালে জাতীয় নির্বাচনে বরিশালের বাকেরগঞ্জ ও উজিরপুরসহ পাঁচটি আসনে তিনি প্রতিদ্বন্ধিতা করেন। প্রতিটি আসনেই তাকে পরাজিত ঘোষণা করা হয়। ১৯৭৪ সালের ১৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে গিয়ে তিনি পুলিশের গুলিতে আহত হন। ১৯৭৫ সালের ৮ নভেম্বর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।
১৯৮২ সালের আগস্ট মাসে টাঙ্গাইলের সায়মা আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার দুই কন্যা ব্যারিস্টার সারাহ জলিল এবং ব্যারিস্টার ফারাহ জলিল উভয়ই কানাডা প্রবাসী।
১৯৮৪ সালের ৩ নভেম্বর জাসদ থেকে মেজর এম এ জলিল পদত্যাগ করেন। ১৯৮৫ সালের জানুয়ারিতে এক মাস গৃহবন্দি ছিলেন। ১৯৮৫ সালের জানুয়ারি থেকে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত এবং ১৯৮৭ সাল থেকে ১৯৮৮ সালের মার্চ মাস পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনের কারনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।
বর্তমানে অনেকেই মৌখিকভাবে ফিলিস্তিনের আত্নপ্রতিষ্ঠার সংগ্রামের সমর্থন করেন কিন্তু কার্যকরী কোনো ভূমিকা নেন না। মেজর এম এ জলিল প্যালেস্টাইনের পক্ষে যুদ্ধ করার জন্য বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবী যোদ্ধা পাঠিয়েছিলেন। ১৯৮৯ সালের ১৯ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সফরকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১০ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন।
মেজর এম এ জলিলের লেখা বইগুলো হলো ‘সীমাহীন সমর’ (মুক্তিযুদ্ধের স্মৃতি ডায়েরী), ‘সুর্যোদয়’ (রাজনৈতিক উপন্যাস), ‘কৈফিয়ত ও কিছু কথা’ (প্রবন্ধ), ‘দাবী আন্দোলনের দায়িত্ব’ (প্রবন্ধ) ‘দৃষ্টিভঙ্গি ও জীবন দর্শন’ (প্রবন্ধ), A Search for identity’ (essays), প্রকাশিত হয়নি ভারতকে উদ্দেশ্য করে লেখা ‘Goodbye Guardian’।
মেজর এম এ জলিল ছিলেন মুক্তিযুদ্ধে ৯ম সেক্টর কমান্ডার এবং পরবর্তীকালে প্রধান বিরোধী দলের নেতা। মৃত্যুকালে স্ত্রী পরিজন রেখে যান ভাড়া বাসায়। রাজধানীসহ দেশের কোথাও তিনি কোনো সম্পদ গড়েননি।
এ ধরনের নির্লোভ ও মোহমুক্ত রাজনীতিবিদের এদেশে খুবই অভাব। তিনি ছিলেন দায়িত্বশীল ও আত্নমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। তিনি মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের সিদ্ধান্তকে দেখেছিলেন নির্মম রসিকতা হিসাবে। তার রচনায় তিনি লেখেন “মুক্তিযোদ্ধারা কারো করুনার পাত্র নয়, তাদের পুনর্বাসন করতে হবে?” অন্যায়কে তিনি ঘৃণা করতেন মনে প্রাণে। তার রচনাবলীতে উল্লেখ করেন ‘অন্যায় করোনা, অন্যায় করতে দিও না, এটা অন্যায় বিরোধী চিরন্তন লড়াইয়ের ঘোষণা।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








