
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ ও বিএনপির চরিত্র একই রকম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে বলেন, বর্তমান সরকার যদি আওয়ামী লীগকে খুনি ও ফ্যাসিবাদী মনে করে, তবে অবিলম্বে ওই মামলা পুনরুজ্জীবিত করে অপরাধীদের গ্রেফতার করতে হবে।
রোববার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘রক্তে ভেজা ২৮ অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান : কাক্সিক্ষত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, ২০০৯ সালে তৎকালীন আওয়ামী সরকার ২৮ অক্টোবরের মামলা প্রত্যাহার করে নথিপত্র নিখোঁজ করে দিয়েছিল। শহীদের মায়েরা এখনো বিচারের অপেক্ষায় কেঁদে চলেছেন।
বিএনপির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি বলেন, বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলে গণতন্ত্রের কথা বলে আর ক্ষমতায় গেলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালায়। বিএনপিও এখন সেই পথ অনুসরণ করছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিনে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সে দিন একটি সমাবেশে নগ্ন বর্বরতা ও লাশের ওপর নৃত্য চললেও আরেকটি সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেন, ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদী শক্তির ধারাবাহিকতা একই সূত্রে গাঁথা। বিএনপি ও আওয়ামী লীগের রাজনৈতিক আচরণে মৌলিক কোনো পার্থক্য নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সংসদ ও বিচারব্যবস্থায় আগের মতো পুরনো ফ্যাসিবাদই ফিরে আসছে।
ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নানের উপস্থাপনায় সেমিনারে আরো বক্তব্য দেন- জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ২৮ অক্টোবরের শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের মা শামসুন্নাহার রুবি, শহীদ হাফেজ গোলাম কিবরিয়া শিপনের বাবা তাজুল ইসলাম এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








