
নয়া দিগন্ত ডেস্ক
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল স্বাস্থ্য অধিদফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৪০ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৯৪২ জন, ঢাকা মহানগরীতে ২৯৬ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২১ জন, রাজশাহী বিভাগে ২৪৬ জন, রংপুর বিভাগে ১১৩ জন ও সিলেট বিভাগে ৪০ জন রয়েছেন।
চলতি বছরের ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৬ হাজার ১৬৬ জন। চলতি বছরে এ পর্যন্ত এক লাখ ১৯ হাজার ৩৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ২১৮ জন। গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৩৮৯ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
সিলেটে ৪০ ডেঙ্গুরোগী শনাক্তের রেকর্ড
সিলেট ব্যুরো জানায়, সিলেটে থামছে না ডেঙ্গুর প্রকোপ। আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে চলতি ৪০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে। এটিই চলতি মৌসুমে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে এ বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮১ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন।
গতকাল এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ৪০ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যালে ৩, নর্থ ইস্ট মেডিক্যালে ৩, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৮ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








