
বাসস
গাজীপুরের কালিয়াকৈর সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার-ভিডিপি অ্যাকাডেমি ঘুরে দেখেছেন চারটি দেশের রাষ্ট্রদূত। সোমবার দুপুরে সফরকালে তারা অ্যাকাডেমির সার্বিক প্রশিক্ষণ ব্যবস্থা ও কারিগরি দক্ষতা পর্যবেক্ষণের পাশাপাশি সদস্যদের উৎপাদিত তৈরি পণ্যের বৈশ্বিক বাজার তৈরির বিষয়ে মতবিনিময় করেন।
আন্তর্জাতিক প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনীন রশীদ, কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্ল্লানা, মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বৌথাইনা এল কেরদৌদি এল কৌলালি এবং সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ফিলিপ ওং।
পরিদর্শনকালে মরক্কো, কসোভো, সিঙ্গাপুর ও মালদ্বীপের রাষ্ট্রদূতরা অ্যাকাডেমির অবকাঠামোগত সুবিধা ও প্রশিক্ষণ চালচিত্র মূল্যায়নের পাশাপাশি কুটিরশিল্প, হস্তশিল্প, তৈরি পোশাক, নির্মাণ ও কারিগরি প্রশিক্ষণ শাখাগুলোর কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। সাধারণ সদস্যদের প্রস্তুত করা বিভিন্ন সামগ্রীর নির্মাণপ্রণালী ও মান নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং কিছু হস্তশিল্প পণ্য ক্রয় করেন। একইসাথে নিজ নিজ দেশের বাজারে এই পণ্যগুলোর ব্যবহারের সুযোগ নিয়ে তারা কথা বলেন।
সফররত কূটনৈতিকদের অ্যাকাডেমিতে অভ্যর্থনা জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরবর্তীতে তার সভাপতিত্বে এক আলোচনাসভা ও প্রীতি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে অ্যাকাডেমি থেকে প্রস্তুতকৃত সামগ্রী বিদেশে রফতানি ও বাজারজাতকরণের নানা সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








