গিয়াস কামাল চৌধুরী ছিলেন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক : রিজভী
সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় বক্তৃতা করেন রুহুল কবির রিজভী : নয়া দিগন্ত।

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ছিলেন সাহসিকতা, নিষ্ঠা ও আদর্শের প্রতি অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তার ভূমিকা ও সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি মানুষের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে উঠেছিলেন।
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গিয়াস কামাল চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
রুহুল কবির রিজভী বলেন, ছাত্রজীবনে আন্দোলন-সংগ্রামের সময় গিয়াস কামাল চৌধুরীর সংবাদ ও বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা করতেন। বিশেষ করে ১৯৮৭ ও ১৯৮৮ সালের আন্দোলনের সময় বিবিসি ও ভয়েস অব আমেরিকার মাধ্যমে দেশের পরিস্থিতি এবং আন্দোলনের কর্মসূচি সম্পর্কে জানার সুযোগ হতো।
তিনি বলেন, ওই সময় গিয়াস কামাল চৌধুরী মানুষের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন। তার সংবাদ পরিবেশন ও বক্তব্য আন্দোলনরত ছাত্র-জনতার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাকে গ্রেফতারের খবরও তখন মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গিয়াস কামাল চৌধুরী ছিলেন ন্যায়নীতি ও আদর্শের প্রতি অবিচল একজন মানুষ। তৎকালীন স্বৈরশাসক এরশাদের শাসনামলেও তাকে বিভিন্নভাবে প্রভাবিত বা কেনার চেষ্টা করা হলেও তিনি নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি।
স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার বক্তব্য রাখেন।
কবি আবদুল হাই শিকদার বলেন, বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ছিলেন মানুষের সাংবাদিক। মানুষের প্রতি দরদ, দেশের প্রতি ভালোবাসা এবং মানবিক মূল্যবোধের কারণে তিনি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, গিয়াস কামাল চৌধুরীর মৃত্যুতে দেশ একজন বরেণ্য ও সৎ সাংবাদিককে হারিয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। কবি ও গীতিকার নাহিদ নজরুল অনুষ্ঠান সঞ্চালনা করেন।