দশম উইকেটে রেকর্ড শাদাব-হারিসের

ক্রীড়া ডেস্ক
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে গত পরশু ইংল্যান্ডের করা ২৪১ রান তাড়া করতে নেমে ১৫৪ রানে ৯ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কা জেগেছিল পাকিস্তানের। সেখান থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শাদাব খান ও হারিস রউফ। ৯ উইকেট হারিয়ে ৪৭.১ ওভারে ২৪৩ রান করে পাকিস্তান। এই জয়ে ৩৩ বছর বয়সী ডান হাতি পেসারের সাহসী সঙ্গ পেয়ে অবিশ্বাস্য এক সেঞ্চুরির পাশাপাশি দলের জয় সাথে নিয়ে মাঠ ছাড়েন আট নম্বরে ব্যাট করতে নামা ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার। পাকিস্তান পেয়েছে এক উইকেটের রোমাঞ্চকর জয়। শেষ উইকেটে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শুধু ম্যাচই জেতাননি তারা, দশম উইকেট জুটিতে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেও জায়গা করে নিয়েছেন তারা দু’জন। 
পুরুষদের ওয়ানডে ক্রিকেটে সফল রান তাড়ায় দশম উইকেটে সর্বোচ্চ শাদাব ও হারিসের ৮৯ রানের জুটি। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ডেরিক মারে ও অ্যান্ডি রবার্টসের। ১৯৭৫ বিশ্বকাপে এই পাকিস্তানের বিপক্ষেই তারা অপরাজিত ৬৪ রান যোগ করেছিলেন। দীর্ঘ ৫১ বছর পর সেই রেকর্ড ভাঙলেন পাকিস্তানের দুই ক্রিকেটার। আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে এটি প্রথম সেঞ্চুরি সাদাবের। আট নম্বরে ব্যাট করতে নেমে এমন ইনিংস খেলা তার জন্য যেমন ব্যক্তিগত অর্জন, তেমনি পাকিস্তানের ক্রিকেট ইতিহাসেও স্মরণীয়। ওয়ানডে ক্রিকেটে এবার নিয়ে নবমবারের মতো মাত্র এক উইকেটের ব্যবধানে জিতেছে পাকিস্তান। আট নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে অপরাজিত ১১৩ রান কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

Advertisement