
বিএনপির সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিল চলাকালে উত্তেজিত নেতাকর্মীরা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবনে আগুন দেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরীর মুনসেফবাড়ি এলাকায় অবস্থিত বাহারের তিনতলা বাসভবনে আগুন দেয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন। তবে কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।
এদিকে, একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের অনুসারী দুই যুবক জড়িত বলে দাবি করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল কিংবা ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারেনি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকেও মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের দাবি করা হয়েছে। তবে মহাসড়কের ঠিক কোনো স্থানে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








