
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় ক্রিকেট লিগে গতকালও রাজত্ব ছিল ব্যাটারদের। তৃতীয় দিনে সেঞ্চুরি পেয়েছেন আগের রাউন্ডে অল্পের জন্য শতকবঞ্চিত সিলেটের অমিত হাসান। তাকে সঙ্গ দিয়ে তিন অঙ্কের দেখা পেয়েছেন আশরাফুল হাসান রিহাদ। এদিন সেঞ্চুরি পেয়েছেন বরিশালের ফজলে রাব্বি। চতুর্থ রাউন্ডের দিন শেষে হারের শঙ্কায় রাজশাহী। ঢাকার বিপক্ষে ফলোঅন করা দলটিকে চোখ রাঙাছে ইনিংস পরাজয়ের।
মৌসুমে প্রথম জয়ের সুবাস নিয়ে চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনটা শেষ করেছে ঢাকা বিভাগ। রাজশাহীতে দলটি পেয়ে যেতে পারে একটি বোনাস পয়েন্টও। স্বাগতিক রাজশাহী যে রয়েছে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায়। ওপেনার মোহাম্মদ নাঈমের ২৮২ রানের ইনিংসে ভর করে ৫২১ করেছিল ঢাকা। ছয় উইকেটে ১০৩ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী গতকাল অলআউট ১৬২ রানে। ফলোঅন করতে নামা দলটি তৃতীয় দিন শেষ করেছে পাঁচ উইকেটে ২১৫ রান তুলে। ঢাকার একমাত্র ইনিংসের চেয়ে এখনো ১৪৪ রানে পিছিয়ে দলটি।
সিলেটের বিপক্ষে কক্সবাজারে শেষ দিনে অতি নাটকীয় কিছু না হলে নিশ্চিত ড্র হতে যাচ্ছে খুলনার ম্যাচ। বৃষ্টিতে প্রথম দিনের পুরোটা ভেসে যাওয়া ম্যাচের তৃতীয় দিন শেষেও শেষ হয়নি ম্যাচের প্রথম ইনিংস। সিলেট চার উইকেটে ৫৭৫ রান তোলার পর আলোকস্বল্পতায় শেষ হয়ে যায় দিনের খেলা। অমিত হাসান ১৭১ রানে এবং আশরাফুল হাসান রিহাদ ১০১ রানে অপরাজিত আছেন।
বগুড়াতে গত পরশু মাহফিজুল ইসলাম রবিনের ডাবল সেঞ্চুরিতে ৪৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ময়মনসিংহ। প্রথম ইনিংসে ইতোমধ্যে ছয় উইকেটে ৪২৪ রান করে ফেলেছে চট্টগ্রামও। সর্বোচ্চ ৯৫ রান আসে শাহাদাত হোসেনের ব্যাটে।
সিলেট অ্যাকাডেমি গ্রাউন্ডে রংপুরের বিপক্ষে ৯ উইকেটে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বরিশাল। তাতে প্রথম ইনিংসে ৪১ রানের লিড পায় বরিশাল। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৫ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে রংপুর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








