ন্যু ক্যাম্পে মধুর প্রতিশোধ রিয়ালের

ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’। পুরো ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য করল বার্সেলোনা। কিন্তু ক্যাম্প ন্যূতে বিজয়ের হাসি হাসল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে গেল সফরকারীরা। বিরতির পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা জালের দেখা পেলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ম্যাচের একেবারে শেষ দিকে আবার জালে বল পাঠালেন ফরাসি ফরোয়ার্ড। আর তাতেই বার্সেলোনাকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারিয়ে প্রতিশোধের স্বাদ নিলো রিয়াল মাদ্রিদ। 
সব প্রতিযোগিতা মিলে টানা দ্বিতীয় ও লা লিগায় টানা ৯ ম্যাচ জয়ের পর হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা। আর এই পরাজয়ে শিরোপা দৌড়ে নতুন করে ফিরেছে উত্তেজনা। লিগে ১০ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে হ্যান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ আর ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। একই রাতে লিগে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিক ক্লাব। গেতাফেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। রিয়াল সোসিয়েদাদ ২-১ গোলে হারিয়েছে লেভান্তেকে। রিয়াল বেটিসের বিপক্ষে গোলশূন্য ড্র’তে ম্যাচ শেষ করেছে সেল্টা ভিগো। 
ন্যু ক্যাম্পে ম্যাচের ৪১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সে ইয়ান ডিওমান্ডের পাস ক্লিয়ার করার চেষ্টায় বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড মার্টিন বল মেরে বসেন এমবাপ্পের পায়ে, আর পায়ে লেগে তা জড়িয়ে যায় জালে! দুই মিনিট পরই সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন লামিনে ইয়ামাল। ছয় গজ বক্সের কোণায় ফাঁকায় বল পেয়ে ওয়ান-টু-ওয়ানে বাইরে মারেন স্প্যানিশ এই তরুণ সেনসেশন। 
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে বার্সেলোনা। ৬১ মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। কর্নারে পেদ্রি বল পেয়ে বক্সে বাড়ান রাফিনহাকে। ব্রাজিলিয়ান তারকার শট ঝাঁপিয়ে পড়া লুনিনের হাত ছুঁয়ে জালে জড়ায়। সেই সুবাদে চলতি লা লিগায় ১০ ম্যাচে ১৩টি গোল নিয়ে সর্বোচ্চ স্কোরার এখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একটা সময় মনে হচ্ছিল ড্র হতেই চলেছে ম্যাচ। কিন্তু নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে আবার ব্যবধান গড়ে দেন এমবাপ্পে। এ নিয়ে চলতি মৌসুমে লা লিগায় ১০ ম্যাচে এমবাপ্পের গোল হলো ১১টি। আর রিয়ালের জার্সিতে সব মিলে ১১৬ ম্যাচে শত গোলের মাইলফলক স্পর্শ করলেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

Advertisement