সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থী জোটের জয়
নির্বাচনে ভুচিচের পরাজয় স্বীকারের পর বেলগ্রেডে সার্বীয়দের উল্লাস : ইন্টারনেট।

 রয়টার্স
সার্বিয়ার দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিচ এক ঐতিহাসিক নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’ এর কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন। এর মধ্য দিয়ে বলকান দেশটির ক্ষমতায় ভুচিচের দীর্ঘ আধিপত্যের অবসান ঘটল আর দেশটিতে এক নতুন রাজনৈতিক যুগের সূচনা হল।
জনতুষ্টবাদী জাতীয়তাবাদী নেতা ভুচিচ ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে সার্বিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন। কিন্তু ব্যাপক দুর্নীতি ও ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বে ১৮ মাস ধরে চলা তীব্র সরকার-বিরোধী আন্দোলনের পর চলতি বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তাফা দিতে বাধ্য হন এবং আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেন। সার্বিয়ার নভি সাদ শহরে ২০২৪ সালে একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জনের মৃত্যুর পর শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছিল। ওই দুর্ঘটনার জন্য কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করেছিলেন শিক্ষার্থীরা। রোববারের নির্বাচনের ফলাফল আসার পর টেলিভিশনে দেওয়া এক ভুচিচ বলেছেন, “এটি পরিষ্কার যে আমরা নির্বাচনে হেরে গেছি, স্টুডেন্ট লিস্ট জয় পেয়েছে।”
তার এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রাজধানী বেলগ্রেডের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে উৎসব শুরু করে। নগরীর প্রধান রাস্তাগুলো মানুষে উপচে পড়ে। গাড়িগুলো হর্ণ বাজাতে থাকে, লোকজন রাস্তায় নাচতে থাকে আর শিক্ষার্থীরা ‘জয়’ ও ‘তার কাজ শেষ’ বলে শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের এই জয় প্রায় ৬০ লাখ মানুষের দেশটিতে একটি গভীর রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি এপ্রিল মাসে হাঙ্গেরির ভিক্টর অরবানের পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

Advertisement